ব্যাংক বীমা

৪১ হাজার কোটি টাকার অর্থায়ন প্যাকেজে যুক্ত হলো সাউথইস্ট ব্যাংক

 ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের ঘোষিত বিভিন্ন অর্থায়ন প্যাকেজ বাস্তবায়নের লক্ষ্যে ৪১ হাজার কোটি টাকার তহবিলের অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করেছে সাউথইস্ট ব্যাংক পিএলসি।

২৭ আগস্ট ২০২৬ বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ ব্যাংকের বৃহত্তর ৬০ হাজার কোটি টাকার সমন্বিত তারল্য সহায়তা কাঠামোর আওতায় এ অর্থায়ন সুবিধা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, আর্থিক শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা এবং উৎপাদনশীল অর্থনৈতিক কর্মকাণ্ডে পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহমেদ, ডেপুটি গভর্নর মো. সরওয়ার হোসেন, রিসার্চ অ্যান্ড ডাটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স বিভাগের পরিচালক মো. আবদুল মান্নানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাউথইস্ট ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবিদুর রহমান চৌধুরী এবং ট্রেজারি বিভাগের প্রধান মো. রাশেদুল আলম খান চুক্তিতে স্বাক্ষর করেন।

ব্যাংকটি জানিয়েছে, এ অর্থায়ন প্যাকেজে অংশগ্রহণের মাধ্যমে দেশের অগ্রাধিকারপ্রাপ্ত উৎপাদনশীল খাতে উদ্বৃত্ত তারল্য বিনিয়োগে সাউথইস্ট ব্যাংকের প্রতিশ্রুতি আরও জোরদার হয়েছে। এর মাধ্যমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি কর্মসংস্থান ধরে রাখা এবং সামগ্রিক অর্থনৈতিক পুনরুদ্ধার ও প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে ভূমিকা রাখার প্রত্যাশা করছে ব্যাংকটি।

ফিন্যান্সিয়াল বার্তা/এইচ

ক্যাটাগরি