জাতীয়

৯ আগস্ট পর্যন্ত দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণ

মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী ৯ আগস্ট পর্যন্ত দেশের অধিকাংশ এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (৫ আগস্ট) প্রকাশিত ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু মাঝারি অবস্থায় রয়েছে। এর প্রভাবে কয়েক দিন ধরে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। তবে বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বৃষ্টির প্রবণতা ধীরে ধীরে কমে আসার ইঙ্গিত দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, বুধবার সন্ধ্যা থেকে আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সময়ে দেশের কোথাও কোথাও ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। এ সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

৬ থেকে ৯ আগস্ট পর্যন্তও দেশের বেশিরভাগ বিভাগে একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টির প্রবণতা বেশি থাকবে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এ সময়ে তাপমাত্রায় সামান্য ওঠানামা হলেও বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই।

সিনপটিক পরিস্থিতি সম্পর্কে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত প্রসারিত হওয়ায় দেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে।

এদিকে বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, ৯ আগস্টের পর বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমে আসতে পারে।

ক্যাটাগরি