ধর্ম

ওমানের মানুষের প্রশংসায় মহানবী (সা.)-এর বাণী উদ্ধৃত করলেন রাজা চার্লস

ছবি: সংগৃহীত
ওমানের মানুষের চরিত্র, সহনশীলতা ও উদারতার প্রশংসা করতে গিয়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর একটি বাণী উদ্ধৃত করেছেন যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস। ওমানের সুলতান হাইথাম বিন তারিকের সম্মানে উইন্ডসর ক্যাসেলে আয়োজিত এক রাষ্ট্রীয় নৈশভোজে দেওয়া বক্তব্যে তিনি এ বাণী তুলে ধরেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) উইন্ডসর ক্যাসেলে পৌঁছালে ওমানের সুলতান হাইথাম বিন তারিককে স্বাগত জানান রাজা তৃতীয় চার্লস। এ সময় ওমানের মানুষের আতিথেয়তা, নমনীয়তা ও মানবিক মূল্যবোধের কথা তুলে ধরতে গিয়ে তিনি মহানবী (সা.)-এর একটি বাণী উল্লেখ করেন।

সহিহ মুসলিমের ২৫৪৪ নম্বর হাদিস হিসেবে উল্লেখ করা বাণীটি উদ্ধৃত করে রাজা তৃতীয় চার্লস বলেন, ‘তুমি যদি ওমানের মানুষের কাছে যেতে, তারা তোমাকে গালমন্দ করত না, আঘাতও করত না।’

বর্ণনা অনুযায়ী, মহানবী হযরত মুহাম্মদ (সা.) আরবের একটি গোত্রের কাছে ইসলাম প্রচারের জন্য এক ব্যক্তিকে পাঠিয়েছিলেন। গোত্রের লোকজন ওই ব্যক্তির ওপর নির্যাতন চালান। পরে তাঁকে উদ্দেশ করে মহানবী (সা.) এই বাণী দিয়েছিলেন বলে উল্লেখ করা হয়েছে।

রাজা তৃতীয় চার্লসের বক্তব্যে ওমানের মানুষের ঐতিহাসিক সহনশীলতা, উদারতা ও মানবিক মূল্যবোধের বিষয়টি বিশেষভাবে উঠে আসে। একই সঙ্গে যুক্তরাজ্য ও ওমানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিও গুরুত্বারোপ করেন তিনি।

 

ক্যাটাগরি