বিনোদন

কমলা শাড়িতে নতুন লুকে নজর কাড়লেন পরীমনি

ছবি: সংগৃহীত

শাড়িতে বরাবরই নজর কাড়েন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনি। এবারও তার ব্যতিক্রম হলো না। উজ্জ্বল কমলা শাড়ি, সাদা নকশার ব্লাউজ আর ঝলমলে গয়নায় নতুন সাজে ধরা দিয়ে ভক্ত-অনুরাগীদের নজর কেড়েছেন এই অভিনেত্রী।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে সামাজিক মাধ্যমে নতুন কয়েকটি ছবি প্রকাশ করেন পরীমনি। ছবিতে দেখা যায়, তাঁর পরনে উজ্জ্বল কমলা রঙের শাড়ি। শাড়িজুড়ে রয়েছে সাদা ফুলের নকশা। এর সঙ্গে সাদা রঙের ওপর কমলা চুমকির কাজ করা ফুলহাতা ব্লাউজ পরেছেন তিনি।

ছবি- সংগৃহীত

সাজের সঙ্গে মানানসই গয়না হিসেবে গলায় পরেছেন লাল পাথর বসানো পেন্ডেন্ট এবং কানে ছিল ঝুলন্ত দুল। সব মিলিয়ে পরিপাটি ও আকর্ষণীয় সাজে দেখা গেছে অভিনেত্রীকে।

ছবিগুলোতে কখনো মিষ্টি হাসিতে, কখনো ক্যামেরার দিকে তাকিয়ে আবার কখনো চোখ বন্ধ করে ভিন্ন ভিন্ন ভঙ্গিতে পোজ দিয়েছেন পরীমনি। তাঁর চুলের স্টাইলও নজর কেড়েছে ছবিগুলোতে।

নতুন এই লুক প্রকাশের পরপরই ভক্ত-অনুরাগীদের কাছ থেকে প্রশংসা পাচ্ছেন অভিনেত্রী। সামাজিক মাধ্যমে অনেকেই তাঁর সাজ ও সৌন্দর্যের প্রশংসা করেছেন। কেউ লিখেছেন, ‘কী সুন্দর!’ আবার কেউ মন্তব্য করেছেন, এই সাজে দারুণ লাগছে তাঁকে।

ছবি- সংগৃহীত

পোশাক ও সাজসজ্জায় পরীমনির বৈচিত্র্য নতুন নয়। আধুনিক কিংবা পাশ্চাত্য পোশাকেও বিভিন্ন সময়ে নিজেকে উপস্থাপন করেছেন ভিন্নভাবে। তবে শাড়িতে তাঁর উপস্থিতি বরাবরই আলাদা করে নজর কাড়ে। নতুন ছবিগুলোতেও সেই পরিচিত সৌন্দর্য ও স্টাইলের ছাপ রেখেছেন এই চিত্রনায়িকা।

ক্যাটাগরি