কুষ্টিয়ায় বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, হামলাকারী শনাক্ত

কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় বাসার সামনে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে উপর্যুপরি ছুরিকাঘাত করেছে এক কিশোর। সোমবার (৯ নভেম্বর) বেলা ১টা ১১ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই ছাত্রীকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর অভিযুক্ত কিশোর ছুরি ফেলে পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজ দেখে তাকে শনাক্ত করেছে পুলিশ। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।
আহত ১৫ বছর বয়সী ওই ছাত্রী কুষ্টিয়া মিশন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। তার বাড়ি ফরিদপুর জেলায়। তার বাবা একটি ওষুধ কোম্পানির কুষ্টিয়া আঞ্চলিক বিপণন প্রতিনিধি। পরিবার নিয়ে তারা দীর্ঘদিন ধরে শহরের থানাপাড়া এলাকার একটি ভবনের তৃতীয় তলায় বসবাস করছেন। বর্তমানে ওই ছাত্রীর এসএসসি নির্বাচনী পরীক্ষা চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুলে নির্বাচনী পরীক্ষা শেষে দুপুরে বাসায় ফেরে মেয়েটি। বেলা ১টা ১১ মিনিটের দিকে ভবনের নিচে দাঁড়িয়ে কলবেল বাজানোর সময় এক কিশোর পেছন থেকে তার ওপর ছুরি দিয়ে হামলা চালায়। ছাত্রীটি হাত দিয়ে আঘাত ঠেকানোর চেষ্টা করে এবং চিৎকার করতে থাকে। একপর্যায়ে সে বাসার সামনের সড়কে লুটিয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী শাহাদাত হোসাইন জানান, ঘটনার সময় তাঁর বোন বারান্দা থেকে ছাত্রীকে ছুরিকাঘাত করতে দেখে চিৎকার করেন। পরে তিনি বাইরে গিয়ে এক কিশোরকে মেয়েটির ওপর হামলা করতে দেখেন। প্রায় ৩০ সেকেন্ডের মধ্যে হামলা চালিয়ে ছুরিটি ফেলে পালিয়ে যায় ওই কিশোর। পরে ছাত্রীর মা নিচে নেমে মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। স্থানীয়রা দ্রুত তাকে রিকশায় করে হাসপাতালে নিয়ে যান।
কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, ভবনের সিসিটিভি ক্যামেরার একাধিক ফুটেজে হামলাকারী কিশোরকে শনাক্ত করা হয়েছে। তাকে ধরতে অভিযান চলছে। হামলায় ব্যবহৃত ছুরিটিও জব্দ করা হয়েছে। অভিযুক্ত কিশোর শহরের একটি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী।
এ ঘটনায় শহরে কিশোর গ্যাংবিরোধী অভিযান শুরু করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।
আহত ছাত্রীর বাবা জানান, ঘটনার সময় তিনি পেশাগত কাজে বাইরে ছিলেন। মেয়ের মায়ের ফোন পেয়ে দ্রুত হাসপাতালে যান। কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তিনি বুঝতে পারছেন না। তাঁর মেয়ে আগে এ বিষয়ে কিছু জানায়নি। কেউ তাকে উত্ত্যক্ত করত কি না, সে বিষয়েও তাঁদের জানা নেই।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক জাহিদ ইকবাল জানান, ছাত্রীটির হাতে দুটি গভীর আঘাতসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। সব আঘাতের স্থানে সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে সে শঙ্কামুক্ত। তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।



