খামেনির জানাজা ঘিরে শোক, সংহতি ও ঐক্যে একত্রিত ইরান

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর দেশজুড়ে গভীর শোকের আবহ বিরাজ করছে। একই সঙ্গে জাতীয় ঐক্য ও ইসলামি শাসনব্যবস্থার প্রতি সংহতি প্রকাশে রাজধানীসহ বিভিন্ন শহরে বিপুল মানুষের সমাগম দেখা গেছে। রাজধানীর প্রধান মসজিদে শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে।
ইরান সরকারের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় খামেনির মৃত্যু হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সরকার ও সমর্থকেরা আন্তর্জাতিক অঙ্গনে বার্তা দিতে চাইছেন যে, একজন নেতার মৃত্যু হলেও ইরানের রাষ্ট্রীয় কাঠামো বা আদর্শিক ভিত্তি ভেঙে ফেলা সম্ভব নয়।
প্রায় ৩৭ বছর দেশ পরিচালনা করা খামেনির মৃত্যুর পর দেশের ভবিষ্যৎ নিয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। দীর্ঘদিনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় ক্ষতিগ্রস্ত ইরানের অর্থনীতি বড় চ্যালেঞ্জের মুখে থাকলেও বর্তমান জাতীয় শোকের আবহে জনগণের মধ্যে এক ধরনের ঐক্যের চিত্র ফুটে উঠেছে।
তবে বিশ্লেষকদের মতে, এই ঐক্য দীর্ঘস্থায়ী নাও হতে পারে। ইরানের একটি অংশ আশা করছে, নতুন নেতৃত্ব দেশের স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করবে। অন্যদিকে, অনেকের আশঙ্কা, এই পরিবর্তন নতুন রাজনৈতিক অস্থিরতা, আঞ্চলিক উত্তেজনা এবং অর্থনৈতিক সংকটকে আরও গভীর করতে পারে।
বিশ্লেষকেরা আরও মনে করিয়ে দিচ্ছেন, ইরানের অভ্যন্তরে দীর্ঘদিন ধরেই বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীর মধ্যে আদর্শগত বিভাজন রয়েছে। বর্তমান শোকের আবহে সেই মতপার্থক্য আড়ালে থাকলেও পরিস্থিতি স্বাভাবিক হলে তা আবারও সামনে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: আল-জাজিরা।



