রাজনীতি

জুলাইয়ের নাম ব্যবহার করে মব করাচ্ছে জামায়াত-শিবির: নুর

প্রতিমন্ত্রী নুরুল হক নুর

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে জুলাইয়ের নাম ব্যবহার করে বিভিন্ন প্ল্যাটফর্ম খুলে মব ও সাম্প্রদায়িক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ তুলেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তাঁর দাবি, ৫ আগস্টের পর থেকে এসব কর্মকাণ্ড চালিয়ে আসছে দল দুটি।

রোববার (১১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন তিনি।

একই পোস্টে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি দেওয়ার ঘটনাকে সাম্প্রদায়িক কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করে এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান নুরুল হক নুর।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘বিশ্বকবি রবীন্দ্রনাথের ছবিতে চুনকালির মতো সাম্প্রদায়িক জামাতি অপকর্ম রুখে দাঁড়ান। ৫ আগস্টের পর থেকে জামায়াত-শিবির জুলাইয়ের নাম ব্যবহার করে বিভিন্ন প্ল্যাটফর্ম খুলে এসব মব ও সাম্প্রদায়িক কর্মকাণ্ড করাচ্ছে।’

এর আগে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় গত শনিবার চারজনকে আটক করা হয়। রোববার রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আ এন এম আয়াশ (২৯), মো. সাকিবুল হাসান (১৯), মো. সুজন মিয়া (১৮) ও মারজিয়া খন্দকার রিমি (২৭)।

ক্যাটাগরি