আখতারুজ্জামানের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি শফিকুর রহমানের

বিমানবন্দরের অনিয়ম-হয়রানির প্রতিবাদ করায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি জামায়াত আমিরের
বীর মুক্তিযোদ্ধা ও জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি এবং তার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শুক্রবার (২ অক্টোবর) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান। সেখানে আখতারুজ্জামান কাউকে শারীরিকভাবে নাজেহাল করেননি দাবি করে তার বিরুদ্ধে আনা অভিযোগকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে উল্লেখ করেন শফিকুর রহমান।
শফিকুর রহমানের দাবি, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অনিয়ম ও অব্যবস্থাপনার প্রমাণ রয়েছে। এ কারণেই ঘটনার পর সংশ্লিষ্ট দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তার ভাষ্য অনুযায়ী, আখতারুজ্জামান সাধারণ যাত্রী হয়রানি এবং প্রবাসফেরত বাংলাদেশিদের প্রতি অবহেলা ও অন্যায় আচরণের প্রতিবাদ করেছিলেন।
তিনি বলেন, আখতারুজ্জামান কোন বিষয়ে প্রতিবাদ করেছিলেন, তা বিমানবন্দরে উপস্থিত যাত্রীরা প্রত্যক্ষ করেছেন। তার বক্তব্য বা ভাষা কী ছিল, সেটি বিবেচনার পাশাপাশি ঘটনার মূল কারণও দেখা প্রয়োজন বলে মন্তব্য করেন জামায়াত আমির।
শফিকুর রহমান আরও বলেন, বিমানবন্দরের অনিয়ম, যাত্রী হয়রানি ও অসংগতির বিষয়গুলো আড়াল করার উদ্দেশ্যে যদি আখতারুজ্জামানকে হয়রানিমূলকভাবে গ্রেপ্তার করা হয়ে থাকে, তাহলে সেটি উদ্বেগের বিষয়। ভুক্তভোগী সাধারণ মানুষ এমন পদক্ষেপ মেনে নেবে না বলেও তিনি মন্তব্য করেন।
এর আগে শুক্রবার বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত ও হুমকি দেওয়ার অভিযোগে আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা করা হয়। বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজীব বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলাটি করেন।
মামলা হওয়ার কয়েক ঘণ্টা পর শুক্রবার বিকেলে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।
এদিকে মামলাটির তদন্ত প্রতিবেদন আগামী ১০ নভেম্বরের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।



