অর্থনীতি

তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক, আবেদন ৩০ নভেম্বর পর্যন্ত

ছবি: সংগৃহীত

তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়নের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ‘উদ্যোগ’ নামে এ কর্মসূচির আওতায় দেশের ৫৬ জেলার সব উপজেলার তরুণ উদ্যোক্তাদের কাছ থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। একজন উদ্যোক্তা সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ এবং ১০ লাখ টাকা অনুদানসহ মোট ২০ লাখ টাকা পাবেন।

রোববার (১ নভেম্বর) থেকে এ কর্মসূচিতে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। আগ্রহী তরুণ উদ্যোক্তারা সংশ্লিষ্ট উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় নির্ধারিত ফরম জমা দিতে পারবেন।

বাংলাদেশ ব্যাংকের ‘উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’ বা ‘উদ্যোগ’-এর আওতায় এ অর্থায়ন করা হবে। এর আগে প্রাথমিক পর্যায়ে দেশের আট জেলার সব উপজেলা থেকে আবেদন নেওয়া হয়েছিল।

কর্মসূচির আওতায় একজন উদ্যোক্তাকে সর্বোচ্চ ২০ লাখ টাকা দেওয়া হবে। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ এবং সমপরিমাণ অর্থ অনুদান হিসেবে দেওয়া হবে। ঋণ ও অনুদানের অর্থ এককালীন একসঙ্গে দেওয়া হবে। অনুদানের অর্থের জোগান আসবে বাণিজ্যিক ব্যাংকগুলোর করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে।

৫৬ জেলার উদ্যোক্তারা যেভাবে আবেদন করবেন

প্রাথমিক পর্যায়ের আট জেলা ছাড়া দেশের অবশিষ্ট ৫৬ জেলার সব উপজেলার আগ্রহী তরুণ উদ্যোক্তারা ১ থেকে ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে সংশ্লিষ্ট উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় জমা দিতে হবে। ফরম বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসএমই পোর্টাল এবং তফসিলি ব্যাংকগুলোর নিজস্ব ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।

প্রথম পর্যায়ে জমা পড়েছে ১৮ হাজার ৪৪৪ আবেদন

কর্মসূচির প্রাথমিক পর্যায়ে আট জেলার ৬৪টি উপজেলা থেকে মোট ১৮ হাজার ৪৪৪টি আবেদন জমা পড়েছে। গত ১৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত এসব আবেদন গ্রহণ করা হয়।

আট জেলার মধ্যে মানিকগঞ্জে ১ হাজার ৩৪৩টি, ফেনীতে ১ হাজার ২৬১টি, নওগাঁয় ২ হাজার ৪৫৬টি, ঝিনাইদহে ২ হাজার ১৯১টি, ভোলায় ১ হাজার ৫৪৫টি, হবিগঞ্জে ১ হাজার ৫৫২টি, রংপুরে ২ হাজার ৭৪৫টি এবং নেত্রকোনায় ৫ হাজার ৩৫১টি আবেদন জমা পড়েছে।

যেভাবে নির্বাচিত হবেন উদ্যোক্তারা

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, ঋণের জন্য উদ্যোক্তারা যেকোনো বাণিজ্যিক ব্যাংকে আবেদন করতে পারবেন। আবেদন যাচাই-বাছাইয়ের জন্য একটি কমিটি থাকবে। ওই কমিটিতে ব্যাংকারদের পাশাপাশি বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞরাও থাকবেন। কমিটির সুপারিশের ভিত্তিতে যোগ্য উদ্যোক্তাদের অর্থায়ন করা হবে।

এ কর্মসূচির নীতিমালা গত ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে এসএমইএসপিডি সার্কুলার নম্বর-০৫-এর মাধ্যমে জারি করা হয়েছে। বিস্তারিত নীতিমালা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট (www.bb.org.bd) এবং এসএমই পোর্টালে (www.bb.org.bd/smespd_portal) পাওয়া যাবে।

দেশে কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক উন্নয়ন এবং উদ্ভাবনী উদ্যোগের প্রসারে তরুণ উদ্যোক্তাদের অংশগ্রহণ বাড়ানোই এ কর্মসূচির মূল লক্ষ্য।

ফিনান্সিয়াল বার্তা/ বি ইউ

ক্যাটাগরি