তথ্যপ্রযুক্তি

পুরোনো অ্যান্ড্রয়েড ফোনে বন্ধ হোয়াটসঅ্যাপ, যাদের ফোনে চলবে না

ছবি : সংগৃহীত

পুরোনো অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ। অ্যান্ড্রয়েড ৫.০ ও ৫.১ ললিপপচালিত স্মার্টফোনে ৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে হোয়াটসঅ্যাপের সহায়তা বন্ধ হয়েছে। ফলে এসব ফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার চালিয়ে যেতে হলে অ্যান্ড্রয়েড ৬.০ বা পরবর্তী সংস্করণে আপডেট করতে হবে। আপডেটের সুযোগ না থাকলে পরিবর্তন করতে হতে পারে ফোনও।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ওয়েবিটাইনফোরের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের এপ্রিলেই পুরোনো অ্যান্ড্রয়েড সংস্করণে হোয়াটসঅ্যাপের সহায়তা বন্ধের বিষয়টি জানানো হয়েছিল। সেই ঘোষণা অনুযায়ী, ৮ সেপ্টেম্বর থেকে অ্যান্ড্রয়েড ৫.০ ও অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপের জন্য হোয়াটসঅ্যাপের সহায়তা শেষ হয়েছে।

কোন অ্যান্ড্রয়েড সংস্করণে হোয়াটসঅ্যাপ চলবে?

বর্তমানে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে প্রয়োজন অ্যান্ড্রয়েড ৬.০ মার্সমেলো বা এর পরবর্তী সংস্করণ। কোনো ফোন অ্যান্ড্রয়েড ৫.০ বা ৫.১-এ আটকে থাকলে এবং সেটিকে নতুন অ্যান্ড্রয়েড সংস্করণে আপডেট করার সুযোগ না থাকলে ওই ফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না।

মূলত দীর্ঘদিন ধরে ব্যবহৃত পুরোনো স্মার্টফোনগুলোই এই পরিবর্তনের কারণে বেশি সমস্যায় পড়বে। বিশেষ করে যেসব ফোন নির্মাতা প্রতিষ্ঠান আর সফটওয়্যার আপডেট দেয় না, সেসব ফোনে অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ পাওয়ার সম্ভাবনা কম।

কোন দেশের ব্যবহারকারীরা বেশি সমস্যায় পড়তে পারেন?

ভারত, ব্রাজিল, পাকিস্তান, দক্ষিণ-পূর্ব এশিয়া ও আফ্রিকার বিভিন্ন অঞ্চলে এখনো পুরোনো অ্যান্ড্রয়েড ফোনের ব্যবহার রয়েছে। এসব ফোনের অনেকগুলোতেই নতুন অ্যান্ড্রয়েড সংস্করণ ইনস্টলের সুযোগ নেই। ফলে হোয়াটসঅ্যাপ ব্যবহার অব্যাহত রাখতে ব্যবহারকারীদের নতুন ডিভাইসে যেতে হতে পারে।

ফোনে হোয়াটসঅ্যাপ চলবে কি না যেভাবে দেখবেন

আপনার ফোনে হোয়াটসঅ্যাপের সহায়তা বন্ধ হয়েছে কি না, তা জানতে প্রথমে ফোনের বর্তমান অ্যান্ড্রয়েড সংস্করণ দেখে নিতে হবে।

ফোনের Settings অপশনে গিয়ে About phone বা Software information বিভাগে অ্যান্ড্রয়েড সংস্করণ দেখা যায়। সেখানে অ্যান্ড্রয়েড ৫.০ বা ৫.১ থাকলে ফোনটির জন্য নতুন সফটওয়্যার আপডেট এসেছে কি না, সেটিও পরীক্ষা করতে হবে।

ফোনটি অ্যান্ড্রয়েড ৬.০ বা পরবর্তী সংস্করণে আপডেট করা সম্ভব হলে সফটওয়্যার আপডেটের পর হোয়াটসঅ্যাপ ব্যবহার চালিয়ে যাওয়া যাবে। তবে নতুন আপডেট না থাকলে অ্যান্ড্রয়েড ৬.০ বা পরবর্তী সংস্করণ সমর্থন করে এমন নতুন ফোন ব্যবহার করতে হবে।

এই পরিবর্তন শুধু সাধারণ হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে নয়, হোয়াটসঅ্যাপ বিজনেসের ক্ষেত্রেও প্রযোজ্য।

কেন পুরোনো অ্যান্ড্রয়েডে হোয়াটসঅ্যাপ বন্ধ করল?

হোয়াটসঅ্যাপ নিয়মিত নতুন ফিচার ও নিরাপত্তাব্যবস্থা যুক্ত করে। একই সঙ্গে অনেক পুরোনো ও নতুন অ্যান্ড্রয়েড সংস্করণে অ্যাপটি কার্যকর রাখা হলে নতুন ফিচার তৈরি ও সামঞ্জস্য বজায় রাখা কঠিন হয়ে পড়ে।

ওয়েবিটাইনফোরের তথ্য অনুযায়ী, পুরোনো অ্যান্ড্রয়েড সংস্করণগুলোর প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে নতুন সুবিধাগুলোর সবকিছু সেখানে ঠিকভাবে চালানো সম্ভব নয়। এ কারণে হোয়াটসঅ্যাপ তুলনামূলক পুরোনো পরিচালন ব্যবস্থা থেকে সহায়তা সরিয়ে আধুনিক অ্যান্ড্রয়েড সংস্করণে বেশি গুরুত্ব দিচ্ছে।

ফলে অ্যান্ড্রয়েড ৫.০ ও ৫.১ ব্যবহারকারীদের একটি অংশ সমস্যায় পড়লেও নতুন ডিভাইস ও আধুনিক অ্যান্ড্রয়েড সংস্করণের জন্য হোয়াটসঅ্যাপের নতুন ফিচার ও নিরাপত্তাব্যবস্থা উন্নয়নের সুযোগ বাড়বে।

ফিনান্সিয়াল বার্তা/ এইচ

ক্যাটাগরি