প্রধান উপদেষ্টার ভাষণের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জামায়াতের

জাতির উদ্দেশে দেওয়া প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভাষণের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সংবাদ সম্মেলনে এ প্রতিক্রিয়া জানানো হয়। সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। এ সিদ্ধান্তে একটা সংকট তৈরি হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমরা যে সংকট নিরসনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ৮টি সমমনা দল দাবি করে আসছি যে, গণভোটটা জাতীয় নির্বাচনের আগে করতে হবে। তাহলে এর আইনি ভিত্তিটা দৃঢ় হবে। এটা নিয়ে পরবর্তীতে আদালতে আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন উঠবে না। সেই সংকট কিন্তু রয়েই গেল।’
এদিকে সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ তথ্য জানান।
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, গণভোটে চারটি বিষয়ে প্রশ্ন থাকবে। এই চারটি বিষয়ের ওপর একটিমাত্র প্রশ্নে আপনি হ্যাঁ বা না ভোট দিয়ে আপনার মতামত জানাবেন। গণভোটের সংখ্যাগরিষ্ঠ ভোট হ্যাঁ সূচক হলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে।



