বিশ্বমঞ্চে সুখবর দিলেন সামিরা খান মাহি

বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬টায় উত্তর-পূর্ব ক্যারিবীয় সাগরের দ্বীপ অঞ্চল পুয়ের্তো রিকোয় অনুষ্ঠিত হচ্ছে এবারের আসরের গ্র্যান্ড ফিনালে।
চূড়ান্ত পর্বের ফল ঘোষণার আগেই নিজের অবস্থানের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন মাহি। বুধবার ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি জানান, দর্শক ভোটে শীর্ষে রয়েছেন বাংলাদেশ।
পোস্টে মাহি লিখেছেন, ‘আমার আনন্দ আর কৃতজ্ঞতা ভাষায় প্রকাশ করার মতো না! বাংলাদেশ নম্বর ওয়ান। এত ভালোবাসা, এত সাপোর্ট, এত মানুষের দোয়া—সত্যিই আমি অভিভূত। কিন্তু এখনো থেমে গেলে চলবে না। অনুগ্রহ করে সকাল ৬টা পর্যন্ত ভোট দেওয়া চালিয়ে যান। এখনই থামবেন না। প্রতিটি ভোট অনেক গুরুত্বপূর্ণ।’
আরেক অংশে তিনি লেখেন, ‘এই অর্জন শুধু আমার একার নয়, এটা আমাদের সবার। আসুন, আমরা সবাই মিলে ইতিহাস গড়ি। অদম্য বাংলাদেশ। চলো বাংলাদেশ।’ পোস্টের সঙ্গে মুকুটের ইমোজিও যুক্ত করেন তিনি।
তবে ভোটের শেষ এক ঘণ্টায় অবস্থানের কোনো পরিবর্তন হয়েছে কি না, তা জানা যাবে চূড়ান্ত ফল ঘোষণার পর। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, দর্শক ভোটে শীর্ষে থাকা প্রতিযোগী ১১৬ জনের মধ্য থেকে সরাসরি সেরা ৩০-এ জায়গা পাবেন।
এর আগে গত ২২ নভেম্বর অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার প্রিলিমিনারি রাউন্ড। এতে সুইমস্যুট ও ইভনিং গাউন—দুটি বিভাগে নিজেদের উপস্থাপন করেন প্রতিযোগীরা। দুই পর্বেই পোশাক ও র্যাম্পে হাঁটার স্টাইলের কারণে প্রশংসা পেয়েছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি।
এখন সবার নজর গ্র্যান্ড ফিনালের ফলাফলের দিকে। দর্শক ভোটের এই অবস্থান শেষ পর্যন্ত কতটা প্রভাব ফেলবে এবং মাহি সেরা ৩০-এ জায়গা করে নিতে পারবেন কি না, তা জানতে অপেক্ষায় বাংলাদেশের দর্শকেরা।



