জাতীয়

বোয়িংয়ের কাছ থেকে আরও ১১ উড়োজাহাজ কিনতে পারে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে আরও ১১টি উড়োজাহাজ কেনার বিষয়ে আলোচনা হয়েছে। এ নিয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সরকারের মধ্যে সরকারি পর্যায়ে আলোচনা হয়েছে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।

দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত ও ভারতে দেশটির রাষ্ট্রদূত সার্জিও গত রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বোয়িংয়ের উড়োজাহাজ কেনার বিষয়ে সমঝোতার কথা জানান।

তিনি বলেন, চলতি সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে বোয়িংয়ের উড়োজাহাজ কেনার বিষয়ে গুরুত্বপূর্ণ সমঝোতা হয়েছে। এর আওতায় বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনতে বাংলাদেশ কয়েক শ কোটি ডলার ব্যয় করবে।

তবে তাঁর পোস্টে উড়োজাহাজের সংখ্যা উল্লেখ করা হয়নি। কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, বোয়িংয়ের কাছ থেকে অতিরিক্ত ১১টি উড়োজাহাজ কেনার বিষয়ে আলোচনা হয়েছে।

এর আগে চলতি বছরের এপ্রিলে বোয়িংয়ের সঙ্গে ১৪টি নতুন উড়োজাহাজ কেনার চুক্তি করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। চুক্তি অনুযায়ী, আটটি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার, দুটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার এবং চারটি বোয়িং ৭৩৭-৮ ম্যাক্স কেনার সিদ্ধান্ত হয়।

ওই চুক্তিতে ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী আরও উড়োজাহাজ কেনার সুযোগ রাখা হয়েছিল। এবার অতিরিক্ত ১১টি উড়োজাহাজ কেনার আলোচনা বাস্তবায়িত হলে বিমান বাংলাদেশের বহর আরও বড় হবে।

বহর সম্প্রসারণের মাধ্যমে আন্তর্জাতিক ও আঞ্চলিক রুটে বিমানের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি পুরোনো উড়োজাহাজের ওপর নির্ভরতা কমানোর সুযোগ তৈরি হতে পারে। তবে নতুন ১১টি উড়োজাহাজ কেনার বিষয়ে চূড়ান্ত চুক্তি ও ক্রয়সংক্রান্ত বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

ফিন্যান্সিয়াল বার্তা/এইচ

ক্যাটাগরি