শেখ হাসিনার বাংলাদেশে ফেরা তার ও সরকারের বিষয়: রণধীর জয়সওয়াল

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, শেখ হাসিনার বাংলাদেশে যাওয়ার বিষয়টি তার নিজের এবং বাংলাদেশ সরকারের বিষয়। এ ছাড়া স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাওয়ার বিষয়টি প্রত্যর্পণ চুক্তির আওতাভুক্ত নয় বলেও মন্তব্য করেছেন তিনি।
বুধবার (২৫ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন রণধীর জয়সওয়াল।
সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চান, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে করা অনুরোধের সর্বশেষ অবস্থা কী?
জবাবে রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশ থেকে প্রত্যর্পণের বিষয়ে যে অনুরোধ এসেছে, তা ভারতের প্রচলিত নিয়মকানুন অনুযায়ী পরীক্ষা করে দেখা হচ্ছে। তবে কোনো ব্যক্তি স্বেচ্ছায় ভ্রমণ নথি নিয়ে নিজ দেশে ফিরে যেতে চাইলে সেটি প্রত্যর্পণ চুক্তির আওতাভুক্ত বিষয় নয়।
অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনার বাংলাদেশে যাওয়ার বিষয়টি সাবেক প্রধানমন্ত্রীর নিজের এবং বাংলাদেশ সরকারের বিষয়।
সংবাদ সম্মেলনে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর সহিংসতার ঘটনা নিয়েও প্রশ্ন করা হয়। এক সাংবাদিক জানতে চান, নড়াইলসহ বাংলাদেশের কয়েকটি এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং এ বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর উদ্বেগ নিয়ে ভারতের অবস্থান কী। এ নিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের কোনো আলোচনা হচ্ছে কি না, সেটিও জানতে চান তিনি।
জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সহিংসতার ঘটনায় ভারত উদ্বিগ্ন। এসব ঘটনার যথাযথ তদন্ত করে অভিযুক্ত ব্যক্তিদের আইনের আওতায় আনতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানায় ভারত।
এদিকে গঙ্গার পানি বণ্টন চুক্তির ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন করা হয় সংবাদ সম্মেলনে। জবাবে রণধীর জয়সওয়াল বলেন, পানি ইস্যুতে বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচনা করার একটি প্রচলিত কাঠামো রয়েছে। দুই দেশের যৌথ নদী কমিশন আন্তঃসীমান্ত নদীগুলো নিয়ে কাজ করে, যার মধ্যে গঙ্গাও রয়েছে।
এ ছাড়া বাংলাদেশের মোংলাগামী একটি জাহাজে বিপুল পরিমাণ বিস্ফোরক ও অস্ত্র আটকের বিষয়ে ভারতের অবস্থান জানতে চান এক সাংবাদিক। সম্প্রতি ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ জাহাজটি আটক করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
জবাবে রণধীর জয়সওয়াল বলেন, ভারতও এ ধরনের কিছু প্রতিবেদন দেখেছে। নিজেদের স্বার্থ বিবেচনায় নিয়ে পুরো ঘটনার ওপর নজর রাখছে দেশটি। প্রয়োজনে যথাযথ ব্যবস্থাও নেওয়া হবে।



