আন্তর্জাতিক

বাংলাদেশসহ ১৬ বাণিজ্যিক অংশীদারের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি ট্রাম্পের

ছবি: সংগৃহীত
বাংলাদেশসহ বিশ্বের ১৬টি প্রধান বাণিজ্যিক অংশীদারের ওপর নতুন করে শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা নিয়ে কয়েক মাসের তদন্ত শেষে ১৯৭৪ সালের মার্কিন বাণিজ্য আইনের ‘সেকশন ৩০১’-এর আওতায় এ শুল্ক আরোপের উদ্যোগ নেওয়া হচ্ছে। নতুন শুল্কের হার দেশভেদে আলাদা হতে পারে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের বৈশ্বিক ‘লিবারেশন ডে’ শুল্ক বাতিল করেন। ওই শুল্কের আংশিক বিকল্প হিসেবে নতুন শুল্ক কাঠামো কার্যকর করতে চাইছে হোয়াইট হাউস।

১৯৭৪ সালের মার্কিন বাণিজ্য আইনের সেকশন ৩০১-এর অধীনে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর) ১৬টি অর্থনীতির ওপর তদন্ত চালিয়েছে।

তালিকায় রয়েছে বাংলাদেশ, চীন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, ভিয়েতনাম, তাইওয়ান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, সিঙ্গাপুর ও কম্বোডিয়া।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সব দেশের পণ্যে একই হারে শুল্ক আরোপ করা হবে না। বরং দেশভেদে আলাদা শুল্কহার নির্ধারণ করা হতে পারে। তবে এ দফায় মেক্সিকো ও নরওয়ে থেকে আমদানি করা পণ্যে তাৎক্ষণিক শুল্ক আরোপের সম্ভাবনা কম।

এ ছাড়া বিদ্যমান দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির আওতায় নির্ধারিত শুল্কসীমা বজায় রাখতে পারে হোয়াইট হাউস। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়ন, জাপান ও দক্ষিণ কোরিয়ার পণ্যে সর্বোচ্চ ১৫ শতাংশ এবং মালয়েশিয়ার ক্ষেত্রে ১৯ শতাংশ শুল্কসীমা রয়েছে।

মার্কিন বাণিজ্য দপ্তরের সাবেক কর্মকর্তা রায়ান মাজেরাসের ধারণা, ট্রাম্প প্রশাসন নতুন করে ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব দিতে পারে। বিকল্প হিসেবে শুরুতে কম হারে শুল্ক আরোপ করে পর্যায়ক্রমে তা বাড়ানোর পথও বেছে নিতে পারে তারা।

জোরপূর্বক শ্রমবিরোধী আইন প্রয়োগে দুর্বলতার অভিযোগে গত জুলাইয়ে আরোপ করা ১০ থেকে ১২ দশমিক ৫ শতাংশ শুল্কের সঙ্গে নতুন শুল্ক যুক্ত হতে পারে। তবে বাংলাদেশের পণ্যে নতুন করে ঠিক কত শতাংশ শুল্ক আরোপ করা হতে পারে, সে বিষয়ে রয়টার্সের প্রতিবেদনে সুনির্দিষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি।

চীনের ওপরও বাড়তে পারে শুল্কের চাপ

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্যবিরতির মেয়াদ রয়েছে ২০২৭ সালের ১০ জানুয়ারি পর্যন্ত। এই সমঝোতার আওতায় চীনা পণ্যে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আরোপ করা শুল্ক সর্বোচ্চ ২০ শতাংশে সীমাবদ্ধ রয়েছে। এর সঙ্গে তাঁর প্রথম মেয়াদে আরোপ করা প্রায় ২৫ শতাংশ শুল্কও বহাল রয়েছে।

চীন ইতোমধ্যে জোরপূর্বক শ্রমবিরোধী ১২ দশমিক ৫ শতাংশ শুল্কের আওতায় রয়েছে। ফলে বাণিজ্যবিরতি চলাকালে নতুন করে সর্বোচ্চ ৭ দশমিক ৫ শতাংশ শুল্ক যুক্ত হতে পারে। তবে সমঝোতার মেয়াদ শেষ হলে শুল্কের হার আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

অন্যদিকে, আগের মার্কিন শুল্ক এড়িয়ে যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য প্রবেশের সুযোগ নিতে ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও কম্বোডিয়ার মতো দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে চীনের শিল্প বিনিয়োগ ও সরবরাহব্যবস্থাও তদন্তের আওতায় এসেছে।

শুল্ক নিয়ে মার্কিন নাগরিকদের মধ্যেও অসন্তোষ

২০২৫ সালের এপ্রিলে ঘোষিত শুল্ক কাঠামো সুপ্রিম কোর্টে অসাংবিধানিক ঘোষিত হওয়ার পর তা পুনর্গঠনে এটি ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় বড় পদক্ষেপ।

তবে শুল্ক আরোপের প্রভাবে যুক্তরাষ্ট্রের বাজারে পণ্যের দাম বেড়ে যাওয়ায় দেশটির ভোক্তাদের মধ্যে অসন্তোষ বাড়ছে। মধ্যবর্তী নির্বাচনের পর রয়টার্স ও ইপসোসের যৌথ জরিপে দেখা গেছে, ৬২ শতাংশ মার্কিন নাগরিক শুল্ক প্রত্যাহারের পক্ষে মত দিয়েছেন।

এ পরিস্থিতিতে নতুন শুল্ক আরোপের উদ্যোগ বাংলাদেশের জন্যও গুরুত্বপূর্ণ। কারণ, যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাকসহ বিভিন্ন রপ্তানি পণ্যের অন্যতম প্রধান বাজার। নতুন শুল্ক কার্যকর হলে দেশটির বাজারে বাংলাদেশি পণ্যের প্রতিযোগিতা সক্ষমতা ও রপ্তানি ব্যয়ের ওপর এর প্রভাব পড়তে পারে।

ক্যাটাগরি