সাউথইস্ট ব্যাংকের পরিচালক হলেন মো. নুরুল আফছার

তিনি ইলেকট্রো মার্ট লিমিটেডের প্রতিষ্ঠাতা পরিচালক এবং ট্রেড ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রতিষ্ঠাতা পরিচালক। বর্তমানে তিনি প্রতিষ্ঠান দুটির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করছেন। ইলেকট্রো মার্ট বাংলাদেশে ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্স পণ্যের বাজারজাতকারী প্রতিষ্ঠান। অন্যদিকে, ট্রেড ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিজ এসব পণ্য উৎপাদন করে।
মো. নুরুল আফছার ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) একজন সম্মানিত সদস্য। তিনি এমবিএ ডিগ্রিধারী। ৩৩ বছরের দীর্ঘ ব্যবসায়িক অভিজ্ঞতায় তিনি বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলা ও পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
ব্যবসায়িক সাফল্য ও শিল্প খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি দেশ-বিদেশে একাধিক পুরস্কার অর্জন করেছেন। এর মধ্যে রয়েছে সিঙ্গাপুরে অনুষ্ঠিত ‘এশিয়া প্যাসিফিক এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড ২০২৬’-এ ‘বেস্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড ২০২৬’।
এ ছাড়া নেপালে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে অবদানের জন্য ‘বেস্ট ম্যানুফ্যাকচারার অ্যাওয়ার্ড’, শ্রীলঙ্কায় ‘বেস্ট ম্যানুফ্যাকচারার অব দ্য ইয়ার (ইলেকট্রনিকস)-২০২৫’ এবং ‘এশিয়া ইমপ্যাক্টফুল অ্যান্ড ইনফ্লুয়েনশিয়াল সিইও অব দ্য ইয়ার ২০২৬’ পুরস্কার পেয়েছেন তিনি।
কম্বোডিয়ায় ‘এশিয়া প্রেস্টিজ ৫০ আন্ডার ৫০ সিইও এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’ এবং যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত ‘৪র্থ কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৬’-এ ‘কমনওয়েলথ টপ ১০০ সিইও অ্যাওয়ার্ড ২০২৬’ ও ‘করপোরেট লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬’-এ ভূষিত হয়েছেন মো. নুরুল আফছার।
তিনি ঢাকা ক্লাব লিমিটেড, বনানী ক্লাব লিমিটেড, পূর্বাচল ক্লাব লিমিটেড ও বারিধারা কসমোপলিটন ক্লাবসহ বেশ কয়েকটি অভিজাত ক্লাবের সদস্য। পাশাপাশি বিভিন্ন আর্থসামাজিক সংগঠনের সঙ্গেও যুক্ত রয়েছেন।



