জাতীয়

৩০ হাজার টাকা বেতনের দাবিতে মিরপুরের চার এলাকায় শ্রমিকদের বিক্ষোভ

ছবি: সংগৃহীত

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। শনিবার (৩১ অক্টোবর) সকাল থেকে মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২ ও প্রশিকা মোড় এলাকায় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন।

শ্রমিকদের অবরোধের কারণে মিরপুরের বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী মানুষসহ সাধারণ যাত্রীরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে প্রথমে শ্রমিকরা অবস্থান নেন। পরে বেলা ১১টার দিকে মিরপুর-১১, মিরপুর-১২ ও প্রশিকা মোড় এলাকাতেও সড়ক অবরোধ করেন বিভিন্ন কারখানার শ্রমিকরা।

শ্রমিকদের দাবি, তাঁদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে। এ দাবিতে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা একত্র হয়ে সড়কে অবস্থান নেন।

অবরোধের ফলে সংশ্লিষ্ট এলাকাগুলোতে যান চলাচল ব্যাহত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন স্থানে পুলিশ সদস্যরা অবস্থান করছেন। তাঁরা আন্দোলনকারী শ্রমিকদের সঙ্গে কথা বলে সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন।

ডিএমপির ট্রাফিক বিভাগের মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আবুল বাসার মোল্ল্যা বলেন, বেতন বৃদ্ধির দাবিতে মিরপুরের বিভিন্ন স্থানে শ্রমিকরা বিক্ষিপ্তভাবে সড়ক অবরোধ করেছেন। এতে বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন বলেন, বিভিন্ন কারখানার শ্রমিকরা মিরপুর-১১ ও মিরপুর-১২ নম্বরে সড়ক অবরোধ করেছেন। তাঁদের সঙ্গে কথা বলার চেষ্টা চলছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর পরিস্থিতি ঘটেনি।

ক্যাটাগরি