জাতীয়

৭ নভেম্বর থেকে ঢাকা-দাম্মাম রুটে প্রতিদিন বিমানের ফ্লাইট

সংগৃহীত ছবি

সাময়িকভাবে স্থগিত থাকা ঢাকা-দাম্মাম-ঢাকা রুটে আবার নিয়মিত ফ্লাইট চালু করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আগামী ৭ নভেম্বর থেকে এ রুটে প্রতিদিন দিনের বেলায় ফ্লাইট পরিচালনা করবে রাষ্ট্রায়ত্ত সংস্থাটি। তবে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে ৭ নভেম্বর থেকে ঢাকা-দাম্মাম-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলার পরিপ্রেক্ষিতে এ রুটে বিমানের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল।

এতে আরও বলা হয়, যাত্রীদের নিরাপত্তা এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনার সময়সূচিতে প্রয়োজনীয় সমন্বয় করা হয়েছে।

আপাতত বন্ধ থাকছে ঢাকা-রিয়াদ রুট

অন্যদিকে, ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে আপাতত ফ্লাইট চালু করছে না বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রিয়াদগামী যাত্রীদের উল্লেখযোগ্য অংশ বিকল্প পথে সৌদি আরবে যাতায়াত করায় এ রুটে বর্তমানে পর্যাপ্ত যাত্রী চাহিদা নেই।

এ কারণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

টিকিট ও ভ্রমণ-সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

ফিনান্সিয়াল বার্তা /বি ইউ

ক্যাটাগরি