অর্থনৈতিক সংকট সমাধানে মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন মোজতবা খামেনি

ইরানের অর্থনৈতিক ও জীবনযাত্রার সংকট মোকাবিলায় অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানো এবং অর্থনীতিতে মার্কিন ডলারের ব্যবহার ধীরে ধীরে কমিয়ে আনার ওপর জোর দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।
শুক্রবার (২৮ আগস্ট) ‘সরকার সপ্তাহ’ উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি বলেন, মূল্যস্ফীতিসহ অর্থনৈতিক সংকট মোকাবিলায় ইরানকে যতটা সম্ভব নিজস্ব উৎপাদনের ওপর নির্ভর করতে হবে। দেশে পর্যাপ্ত উৎপাদন না থাকলে প্রয়োজন অনুযায়ী বিচক্ষণতার সঙ্গে আমদানি করা যেতে পারে।
মোজতবা খামেনি বলেন, ‘প্রতিরোধী অর্থনীতি’র নীতিগুলোকে দেশের অর্থনৈতিক ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসতে হবে। একই সঙ্গে অর্থনীতিতে ডলারের গুরুত্বপূর্ণ ভূমিকা ধীরে ধীরে কমিয়ে আনা এবং নতুন প্রযুক্তি ও উদ্ভাবন কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন তিনি।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন, নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপের মধ্যেও জনগণের প্রয়োজনীয় পণ্য ও সেবা নিশ্চিত করতে সরকারের নেওয়া পদক্ষেপের প্রশংসা করেন খামেনি। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের দায়িত্বশীল ভূমিকার কথাও উল্লেখ করেন তিনি।
ইরানের জনগণের মনোবল দুর্বল করে এমন হতাশাজনক বক্তব্য ও বিভাজনমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে জাতীয় ঐক্য রক্ষার ওপরও গুরুত্ব দেন সর্বোচ্চ নেতা। পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্যসেবা এবং তরুণদের মেধা ও উদ্ভাবনী সক্ষমতা কাজে লাগানোর আহ্বান জানান তিনি।
যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক চাপের মধ্যেই মোজতবা খামেনি এমন বার্তা দিলেন। এর আগে ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে নতুন অর্থনৈতিক অভিযান শুরুর ঘোষণা দেয়। সূত্র : প্রেস টিভি
ফিন্যান্সিয়াল বার্তা/এইচ



