আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, নতুন করে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নতুন করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা সরকারের নেই। বর্তমানে দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোই পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে।
রোববার (২৯ নভেম্বর) সচিবালয়ে কক্সবাজারের উন্নয়ন নিয়ে আয়োজিত আন্তমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সেনাবাহিনী নতুন করে মোতায়েন করা হবে কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সতর্ক অবস্থানে রয়েছে। প্রয়োজন অনুযায়ী বিভিন্ন এলাকায় তারা দায়িত্ব পালন করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট বাহিনীগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের উদ্বেগের কোনো কারণ নেই। পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে।
এ সময় শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় সাম্প্রতিক সংঘর্ষের বিষয়েও কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ফজরের নামাজের পর ওই এলাকায় একটি পক্ষ পদ্মা সেতুতে ব্যারিকেড তৈরির চেষ্টা করেছিল। প্রাথমিকভাবে পাওয়া তথ্যে ঘটনাটি নিজেদের মধ্যে বিরোধ ও সংঘর্ষের কারণে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
ওই ঘটনায় দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে উল্লেখ করে তিনি বলেন, ঘটনার বিস্তারিত তদন্ত এখনো শেষ হয়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিজিবিসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো বিষয়টি পর্যবেক্ষণ করছে।
পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট বাহিনীগুলো ধৈর্য ও কৌশলের সঙ্গে কাজ করছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।



