শিল্প-সাহিত্য

আবু সাঈদের চোখে জল

কবি: মোঃ মাহফুজুল হক

মস্তক আকাশসম, দিগন্ত প্রসারিত দু’টি হাত,
দুপুরের সূর্য যেন দু’চোখে দিন-রাত।
পুড়ে ছারখার পুলিশের হেলমেট,
পোষা সৈনিক টিপে দেয় ট্রিগার—
রক্তের ফোয়ারা আঁকে বুকে কারুকাজ।

দেশজুড়ে এই ছবি তুলে জাগে তোলপাড়,
কাঁপে শিলার প্রাচীর, ভাঙে বেড়িবাঁধ;
প্রবল হাওয়ার বেগে, প্রচণ্ড ঘূর্ণিঝড়,
সুনামি হয়ে ছুটে চলে কোটি ছবি অবিকল।
দল বেঁধে পালায় স্বৈরশাসক।

বুকের রক্ত মিশে যায় পতাকার সূর্যে,
নতুন দিনের স্বরলিপি লেখা হয় মিছিলে।
দিন বদলের আয়োজন চলে সমারোহে,
স্বাধীনতার স্বপ্ন আজ পূরণের পথে—
জনতার অধিকার আজ প্রতিষ্ঠা পাবে।

আবু সাঈদ, মুগ্ধরা শুধু নাম নয় আজ,
ধ্রুবতারা হয়ে জ্বলে আশার প্রতীক।
দলবাজি, চাঁদাবাজি, দুর্নীতি হবে বিলুপ্ত,
রাজনীতি থেকে বিদায় নেবে পরিবারতন্ত্র,
শাসন-বিচারে হবে সাম্যের মানদণ্ড।

লুকাচ্ছে পায়রাগুলো, উড্ডীন শকুন,
নতুন করে হায়েনার হিংস্র হাঁকডাক।
ছিল যেমন দুদিন আগে, অবিকল তেমন—
বদলেছে চেহারা, বদলায়নি চাতুরি-লোভ।

যাদুঘরে দেখি—
আবু সাঈদের চোখে জল!

রচনাকাল: ২০ আগস্ট ২০২৬
কবি: মোঃ মাহফুজুল হক

ক্যাটাগরি