আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বদিউর রহমান, নির্বাহী কমিটির চেয়ারম্যান সেলিম রহমান

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে বদিউর রহমান এবং নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে আলহাজ সেলিম রহমান নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ৪৬৪তম (জরুরি) সভায় সর্বসম্মতিক্রমে তাদের নির্বাচিত করা হয়।
ব্যাংকটির অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক বদিউর রহমান এর আগেও ২০০৮ থেকে ২০১৬ সাল পর্যন্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, অতীতের মতো এবারও চ্যালেঞ্জ মোকাবিলা করে ব্যাংকটিকে ঘুরে দাঁড় করাতে কাজ করবেন। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক নিয়োগের প্রেক্ষাপটে ব্যাংকটি একটি গুরুত্বপূর্ণ সময় পার করছে বলেও উল্লেখ করেন তিনি।
বদিউর রহমান দেশের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন। পাশাপাশি এআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিসেস, সেন্ট্রাল হসপিটাল, হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট কোম্পানি, মিলেনিয়াম ইনফরমেশন সল্যুশন এবং হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে, নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত আলহাজ সেলিম রহমান কেডিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তিনি এর আগে ২০২১ ও ২০২৪ সালে দুই দফায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ)-এর প্রথম সহ-সভাপতির দায়িত্বও পালন করছেন।
ব্যাংকটির নতুন নেতৃত্বের মাধ্যমে সুশাসন, কার্যক্রমের গতি বৃদ্ধি এবং গ্রাহকসেবার মান আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেছে পরিচালনা পর্ষদ।




