আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতে বাড়ছে তেলের দাম, সরবরাহ নিয়ে উদ্বেগ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর প্রভাবে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আরও বেড়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৫৬ সেন্ট বা ০.৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯১ দশমিক ০৫ ডলারে উঠেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ব্যবহৃত ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৮৩ সেন্ট বা ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৬ দশমিক ৫৯ ডলারে দাঁড়িয়েছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ তেল উৎপাদনকারী অঞ্চলে সংঘাত আরও ছড়িয়ে পড়লে বিশ্ববাজারে তেল সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে। এ আশঙ্কাই বর্তমানে তেলের দাম বাড়ার অন্যতম প্রধান কারণ হিসেবে কাজ করছে।

এদিকে ইরানে আবারও হামলা চালানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের হামলার জবাব দেওয়া হবে এবং দেশটির ওপর আরও কঠোর হামলা চালানোর প্রস্তুতি রয়েছে।

এর আগে রোববার (৩০ আগস্ট) রাতে ইরানের লারাক দ্বীপে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে ইসলামিক বিপ্লবী গার্ডের সদস্যসহ কয়েকজন নিহত ও আহত হন। ওই হামলার পর জর্ডানে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে পালটা হামলা চালায় ইরান।

নতুন করে দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা বাড়ায় শুধু তেলের বাজার নয়, বৈশ্বিক অর্থনীতি নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহে বড় ধরনের ব্যাঘাত ঘটলে জ্বালানি ও পরিবহন খাতে ব্যয় আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

ফিন্যান্সিয়াল বার্তা/এইচ

ক্যাটাগরি