ইরান নিয়ে অবস্থান স্পষ্ট করলেন ট্রাম্প, আপাতত হামলা নয়

ইরানের বিরুদ্ধে রোববার কোনো সামরিক অভিযান চালানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আপাতত তেহরানে হামলা না চালানোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।
রোববার মিশিগানে নির্বাচনি প্রচারণায় অংশ নিতে হোয়াইট হাউস ছাড়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ওই দিন ইরানে কোনো হামলা চালানো হবে না।
এর আগে দিনের প্রথম ভাগে ইরানকে কঠোর বার্তা দেন ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের সঙ্গে চুক্তি করা হবে, নাকি দেশটিকে পুরোপুরি ধ্বংস করা হবে—এটাই এখন মূল প্রশ্ন।
এদিকে পারস্য উপসাগরে মার্কিন বাহিনীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবিও করেছেন ট্রাম্প। তার ভাষ্য, হরমুজ প্রণালি এখন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে এবং ইরান সেখান থেকে কিছুই পাচ্ছে না।
এর আগে শনিবার (২৪ অক্টোবর) ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানো হতে পারে অথবা দেশটির সঙ্গে চুক্তিতে পৌঁছাতে পারে ওয়াশিংটন। তবে তেহরান সম্ভাব্য প্রতিশ্রুতি রক্ষা করবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইলের সঙ্গে যৌথভাবে ইরানে সামরিক হামলা চালায় যুক্তরাষ্ট্র। পরে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও উত্তেজনা অব্যাহত রয়েছে।



