ইরান সংঘাতকে ‘তুচ্ছ’ বললেন ট্রাম্প, পিকঅ্যাক্সে হামলার হুমকি

ইরানের সঙ্গে চলমান সামরিক সংঘাতকে ‘তুচ্ছ বিষয়’ বা ‘স্মল পটাটোস’ হিসেবে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট বলে পরিচিত ভূগর্ভস্থ স্থাপনা ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ শিগগিরই হামলার হুমকি দিয়েছেন তিনি।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের জন্য বর্তমান সংঘাত খুবই ছোট পরিসরের। তার দাবি, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে সংঘাতের মূল লক্ষ্য অর্জন করেছে এবং ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা থেকে পিছিয়ে দেওয়া হয়েছে।
ট্রাম্প জানান, পিকঅ্যাক্স মাউন্টেনে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা ও সরঞ্জাম রয়েছে বলে যুক্তরাষ্ট্র মনে করে। সেখানে হামলার বিষয়ে তিনি বলেন, ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক বোমার মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
বর্তমান সংঘাতের সঙ্গে ভিয়েতনাম যুদ্ধের তুলনা করে ট্রাম্প বলেন, ভিয়েতনাম যুদ্ধে প্রায় এক লাখ মার্কিন নাগরিক প্রাণ হারিয়েছিলেন, বিপরীতে বর্তমান সংঘাতে নিহত মার্কিন নাগরিকের সংখ্যা ১৮ জন।
তবে ট্রাম্পের ‘তুচ্ছ বিষয়’ মন্তব্য নিয়ে সমালোচনা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, সংঘাতের প্রভাব শুধু সামরিক ক্ষয়ক্ষতিতে সীমাবদ্ধ নয়; মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি, বেসামরিক মানুষের জীবন এবং আন্তর্জাতিক জ্বালানি বাজারেও এর বড় প্রভাব পড়ছে।



