উচ্চ রক্তচাপের সমস্যা? সতর্ক না হলেই যেসব ভয়াবহ বিপদ

হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ একটি নীরব ঘাতক রোগ। প্রায়ই দেখা যায় এটি কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই ধীরে ধীরে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে ক্ষতিগ্রস্ত করে। বিশেষজ্ঞদের মতে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা সম্ভব না হলে হৃদরোগ, স্ট্রোক, কিডনি ফেইলিওর এবং দৃষ্টিশক্তি হারানোর মতো জটিল সমস্যা হতে পারে।
উচ্চ রক্তচাপের কারণে শরীরের এসব সমস্যার ব্যাপারে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম। তাহলে এ ব্যাপারে জেনে নেয়া যাক :
ধমনীর ক্ষতি:
রক্তচাপ বেশি থাকলে ধমনীর দেয়ালে চাপ তৈরি হয়। এ কারণে ক্ষুদ্র ফাটল দেখা দিতে থাকে। আর সেখানে চর্বি জমে প্লাক তৈরি হয়। ধমনী সরু হলে রক্তপ্রবাহ বাধাগ্রস্ত হয় এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে।
মস্তিষ্ক স্ট্রোকের ঝুঁকি:
উচ্চ রক্তচাপের জন্য মস্তিষ্কের রক্তনালী ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে বা ব্লক হওয়ার ঝুঁকি থাকে। এ থেকে স্ট্রোক হয়। যা দীর্ঘমেয়াদে বোধশক্তি হ্রাস করে এবং ডিমেনশিয়া তৈরির সম্ভাবনা রাখে।
চোখের ক্ষতি:
চোখের ক্ষুদ্র রক্তনালী ক্ষতিগ্রস্ত হলে দৃষ্টিশক্তি ঝাপসা হওয়ার সম্ভাবনা থাকে। কখনো কখনো রেটিনা ফুলে যায় বা স্থায়ীভাবে ক্ষতি হয়ে থাকে। সঠিক সময় চিকিৎসা না হলে স্থায়ীভাবে অন্ধত্ব হওয়ার ঝুঁকি থাকে।
হৃৎপিণ্ডের ক্ষতি:
হৃৎপিণ্ড অতিরিক্ত পরিশ্রম করে থাকে, যা শুধুই রক্ত পাম্প করার জন্য করে। এতে হার্টের দেয়াল পুরু হয়, যা পরে হার্ট ফেইলিওরের কারণ হওয়ার সম্ভাবনা রাখে।
কিডনির ক্ষতি:
কিডনি রক্ত ফিল্টার করে শরীরের টক্সিন নিঃসরণ করে। উচ্চ রক্তচাপের জন্য কিডনির রক্তনালী ক্ষতিগ্রস্ত হয়। এ থেকে কিডনি ধীরে ধীরে কাজ হারাতে থাকে। যা দীর্ঘমেয়াদে হতে থাকলে কিডনি ফেইলিওরের কারণ হয়ে দাঁড়ায়।
যৌন সমস্যার ঝুঁকি:
পুরুষদের ক্ষেত্রে ইরেকটাইল ডিসফাংশন এবং নারীদের ক্ষেত্রে যৌন উত্তেজনা হ্রাস পাওয়ার প্রধান কারণ হচ্ছে রক্ত প্রবাহ কমে যাওয়া। আর এই সমস্যাকে অধিকতর জটিল করে উচ্চ রক্তচাপ।
রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার উপায়:
রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার জন্য খাদ্যতালিকায় লবণ কম রাখা বা কম খাওয়া, নিয়মিত শারীরিক ব্যায়াম করা, ধূমপান এবং মদ্যপান এড়িয়ে চলা, মানসিক চাপ নিয়ন্ত্রণ, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। উচ্চ রক্তচাপ হচ্ছে নীরব ঘাতক, যা ধীরে ধীরে শরীরের ক্ষতি করে। এ জন্য জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে। চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং সে অনুযায়ী চলতে হবে।




