একীভূত পাঁচ ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য নতুন সুবিধা, জরুরি প্রয়োজনে তোলা যাবে ১০ লাখ টাকা

একীভূত শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংকের আমানতকারীদের জন্য অর্থ উত্তোলনের নিয়ম আরও শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে চিকিৎসার পাশাপাশি অন্যান্য জরুরি পারিবারিক প্রয়োজনেও সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত উত্তোলন করা যাবে।
বুধবার (২৯ জুলাই) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় গভর্নর মোস্তাকুর রহমানের সভাপতিত্বে এ নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়।
আগে কেবল আমানতকারীর নিজের চিকিৎসার জন্য এই অর্থ তোলার সুযোগ ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বাবা-মা, স্বামী বা স্ত্রী, ছেলে-মেয়ে এবং ভাই-বোনের চিকিৎসার পাশাপাশি মেয়ের বিয়ে বা অন্যান্য জরুরি পারিবারিক প্রয়োজনেও এই অর্থ উত্তোলন করা যাবে।
এই সুবিধা প্রযোজ্য একীভূত হওয়া পাঁচ ব্যাংকের গ্রাহকদের জন্য। ব্যাংক পাঁচটি হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আমানতকারীদের অর্থ ফেরতের জন্য চালু থাকা বিশেষ স্কিমে সংশোধন এনে পরিবারের সদস্যদের চিকিৎসা ও অন্যান্য জরুরি প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে অর্থ উত্তোলনের শর্ত শিথিল করা হয়েছে।
ব্যাংক খাতের সংকট মোকাবিলায় গত বছর এই পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংককে একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠন করা হয়। ব্যাংকটির পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার দিয়েছে ২০ হাজার কোটি টাকা এবং বাকি ১৫ হাজার কোটি টাকার বিপরীতে সাধারণ আমানতকারীদের শেয়ার দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
এদিকে, আমানত বীমা তহবিলের মাধ্যমে এ পর্যন্ত ৮ লাখ ২২ হাজার আমানতকারীকে ৩ হাজার ৮৮৭ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। এর মধ্যে শুধু ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৩ লাখ ৫০ হাজার গ্রাহক পেয়েছেন প্রায় ১ হাজার ৬০০ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ডিসেম্বর শেষে একীভূত পাঁচ ব্যাংকের মোট ঋণ ছিল ১ লাখ ৯৫ হাজার কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ১ লাখ ৭০ হাজার ৫০০ কোটি টাকা, যা মোট ঋণের প্রায় ৮৭ দশমিক ৪৩ শতাংশ। ব্যাংকগুলোর ঋণের বিপরীতে জামানত রয়েছে মাত্র ৪৭ হাজার ৯০০ কোটি টাকা, যা মোট ঋণের ২৪ দশমিক ৫৬ শতাংশ।



