এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান মাকছুদুর রহমান সরকার

এসবিএসি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর মো. মাকছুদুর রহমান সরকার এফসিএমএ।
বুধবার (৯ সেপ্টেম্বর) ব্যাংকের পরিচালনা পর্ষদের ২১৫তম সভায় তাকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়।
প্রফেসর মাকছুদুর রহমান সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগ থেকে বিকম (সম্মান) ও এমকম পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে একই বিভাগে শিক্ষকতা শুরু করেন। পরে তিনি কানাডার ইউনিভার্সিটি অব নিউ ব্রুন্সউইক থেকে ফিন্যান্সে এমবিএ ডিগ্রি অর্জন করেন।
এ ছাড়া তিনি যুক্তরাষ্ট্রের অ্যাসোসিয়েশন ফর ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চ থেকে চার্টার্ড ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট (সিএফএ) লেভেল-১ এবং ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) থেকে এফসিএমএ প্রফেশনাল ডিগ্রি অর্জন করেছেন।
গবেষণা ও আর্থিক খাতে অভিজ্ঞতা
প্রফেসর মো. মাকছুদুর রহমান সরকার শিক্ষাবিদ, গবেষক ও হিসাববিদ হিসেবে পরিচিত। আর্থিক খাতের বিভিন্ন বিষয়ে তার ৩৫টিরও বেশি গবেষণামূলক নিবন্ধ জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রকাশিত হয়েছে।
অ্যাকাউন্টিং ও ফাইন্যান্স বিষয়ে তার দীর্ঘদিনের শিক্ষকতা, গবেষণা এবং পেশাগত অভিজ্ঞতার পাশাপাশি ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতাও রয়েছে।
ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় এসব অভিজ্ঞতাকে সামনে রেখে তাকে নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়েছে।
ফিন্যান্সিয়াল বার্তা/এইচ



