কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩২

কলম্বিয়ায় ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৩২ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫৭০ জন। পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকায় বহু ভবন ধসে পড়েছে এবং ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকা পড়েছেন।
সোমবার (১০ আগস্ট) ভোরে আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল প্রশান্ত মহাসাগরীয় উপকূলের চোকো প্রদেশের সান হোসে দেল পালমারের কাছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ১০৭ কিলোমিটার। রাজধানীসহ দেশের বিভিন্ন বড় শহরেও শক্তিশালী কম্পন অনুভূত হয়।
সবচেয়ে বেশি প্রাণহানির খবর পাওয়া গেছে পশ্চিমাঞ্চলীয় রিসারালদা প্রদেশে, যেখানে অন্তত ৪২ জন নিহত হয়েছেন। প্রদেশটির রাজধানী পেরেইরায় কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
দেশটির অন্যতম বড় শহর ক্যালিতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শহরের মেয়র জানিয়েছেন, অন্তত ৩০টি ভবন ধসে পড়েছে। এর মধ্যে ১০টি ভবনে উদ্ধার অভিযান চলছে। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকা থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
ভূমিকম্পে চোকো প্রদেশের রাজধানী কুইবদোতেও প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ম্যানিজালেস শহরের একটি ঐতিহাসিক ক্যাথেড্রালের টাওয়ারের অংশও ধসে পড়েছে।
ভূমিকম্পের পর আতঙ্কে বহু মানুষ বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। সম্ভাব্য আফটারশক থেকে সতর্ক থাকতে বাসিন্দাদের আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন।
ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পর কলম্বিয়া সরকার ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে দ্রুত ত্রাণ ও উদ্ধার সহায়তা পৌঁছাতে জাতীয় দুর্যোগ পরিস্থিতি ঘোষণা করেছে। উদ্ধারকাজ অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র: সিএনএন
এফ বার্তা/ এইচ



