অর্থনীতি

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য: রিজার্ভ ৩৬.৩১ বিলিয়ন ডলারে উন্নীত

ফাইল ছবি

দেশের মোট বৈদেশিক মুদ্রার (গ্রস) রিজার্ভ বেড়ে ৩৬ হাজার ৩১৪ দশমিক ২৫ মিলিয়ন (৩৬.৩১ বিলিয়ন) ডলারে দাঁড়িয়েছে। রবিবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২৮ জুন পর্যন্ত আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ৩১ হাজার ৭৩৮ দশমিক ০৫ মিলিয়ন ডলার। এর আগে ২৫ জুন গ্রস রিজার্ভ ছিল ৩৬ হাজার ৮২ দশমিক ২৫ মিলিয়ন এবং বিপিএম-৬ অনুযায়ী ৩১ হাজার ৫৩২ দশমিক ৩০ মিলিয়ন ডলার।

আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দিয়ে নিট বা প্রকৃত রিজার্ভ নির্ধারণ করা হয়।

এদিকে, জুনের প্রথম ২৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৪৫ কোটি ২০ লাখ ডলার, যা দৈনিক গড়ে ৯ কোটি ৮ লাখ ডলার। গত বছরের একই সময়ে রেমিট্যান্স ছিল ২৪৯ কোটি ৯০ লাখ ডলার। ফলে বছর ব্যবধানে এ সময়ে রেমিট্যান্স কিছুটা কমেছে।

তবে চলতি অর্থবছরের জুলাই থেকে ২৭ জুন পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৫২০ কোটি ৯০ লাখ ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৭ দশমিক ৩০ শতাংশ বেশি।

ক্যাটাগরি