কোমর ব্যথা কি মানসিক রোগ

কোমর ব্যথা কি মানসিক রোগ? এই প্রশ্নের সরাসরি উত্তর দেওয়া কঠিন। একটি উদাহরণ দিয়ে বিষয়টি বোঝা যেতে পারে। নদী শুকিয়ে গেলেও যেমন তার পথধারা বা চিহ্ন থেকে যায়, তেমনি সামান্য ডিস্ক প্রলাপস বা অন্য কারণে তীব্র ব্যথা কমে গেলেও মৃদু থেকে মাঝারি ব্যথা দীর্ঘকাল ধরে রয়ে যেতে পারে; ঠিক মরা নদীর মতো।
কারও যদি কোমর ব্যথা সম্পর্কে অতিমাত্রায় নেতিবাচক মনোভাব থাকে অথবা আক্রান্ত ব্যক্তিটি আর্থসামাজিক বা পারিবারিক কারণে মানসিক চাপে থাকেন, তবে তাঁর মনের ব্যথার সঙ্গে কোমর ব্যথার সংমিশ্রণ ঘটতে পারে। এতে মনের ভেতর স্থায়ী দাগ তৈরি হতে পারে, যা শরীরকে বছরের পর বছর ব্যথার উপলব্ধি দিতে থাকবে। এ ধরনের কোমর ব্যথা ফাইব্রোমায়েলজিয়া নামক রোগের সঙ্গে অনেকটাই সামঞ্জস্যপূর্ণ।
চিকিৎসা ও করণীয়:
মনের ব্যথা যখন শরীরে চলে যায়, সেখান থেকে মুক্তি পাওয়া বেশ কঠিন।
* চিকিৎসা পদ্ধতি: রোগীর মূল চ্যালেঞ্জ হলো অবাধ তথ্যপ্রবাহের এই যুগে ইউটিউব বা ফেসবুকে ছড়িয়ে থাকা মনগড়া ও ভুল তথ্য থেকে ভুল শিক্ষা নেওয়া। প্রথমত, এ ধরনের রোগীকে সঠিক বিষয়টি বোঝাতে হবে। দ্বিতীয়ত, টার্গেটেড বা সুনির্দিষ্ট চিকিৎসা দিতে হবে। সেটি হতে পারে থেরাপিউটিক এক্সারসাইজ, উপদেশ বা অন্য কোনো চিকিৎসা।
* রোগীদের সতর্কতা: আজকাল বিজ্ঞাপন ও অর্থের বিনিময়ে বিভিন্ন পোস্ট বা ভিডিও ভাইরাল করে দেওয়া যায়। একটি তথ্য বিশ্বাস করার আগে দেখে নিন, কে এই তথ্য দিচ্ছেন এবং তাঁর যোগ্যতা কী। রোগীদের মধ্যে প্রচলিত ধারণা হলো, কোমর ব্যথা পিএলআইডির কারণেই বেশি হয়। কিন্তু এ ধারণা অনেকাংশেই মিথ্যা।
গবেষণায় হাজার হাজার সুস্থ মানুষের এমআরআই করেও দেখা গেছে, তারা পিএলআইডিতে আক্রান্ত, অথচ তাদের কোমর ব্যথা নেই। সে রকম অনেক কোমর ব্যথার রোগী রয়েছেন, যাদের এমআরআই স্বাভাবিক। তাই সঠিক তথ্য ও চিকিৎসা পেতে রোগীকেই সবার আগে সচেতন হতে হবে।
লেখক : বিভাগীয় প্রধান, ফিজিওথেরাপি ও রিহ্যাব বিভাগ, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা।



