সারাদেশ

গাজীপুরে শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, চাচাতো ভাইসহ গ্রেপ্তার ৩

ছবি: সংগৃহীত

গাজীপুরের কালীগঞ্জে ১২ বছর বয়সী এক শিশুকে একাধিকবার ধর্ষণ এবং ওষুধ খাইয়ে গর্ভপাত করানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় শিশুটির চাচাতো ভাইসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার অপর এক আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে বুধবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি কিন্ডারগার্টেনে চতুর্থ শ্রেণিতে পড়াশোনা করে। প্রায় ছয় বছর আগে তার বাবা মারা যান। মা ও বড় বোন একটি প্রতিষ্ঠানে চাকরি করায় দিনের বেশির ভাগ সময় শিশুটি বাড়িতে একা থাকত।

অভিযোগ অনুযায়ী, গত মে মাসে শিশুটিকে ফুসলিয়ে পুরোনো বাড়িতে নিয়ে ধর্ষণ করেন তার চাচাতো ভাই। পরে হত্যার ভয় দেখিয়ে অন্য আসামিরাও বিভিন্ন স্থানে নিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করেন। একপর্যায়ে শিশুটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।

এজাহারে আরও বলা হয়, সম্প্রতি শিশুটির অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি বুঝতে পেরে অভিযুক্ত চাচাতো ভাই তাকে গোপনে ওষুধ খাওয়ান। এরপর বুধবার ভোর ৪টার দিকে শিশুটির পেটে তীব্র ব্যথা শুরু হয় এবং গর্ভপাত ঘটে। পরে শিশুটি তার মায়ের কাছে পুরো ঘটনা জানায়।

শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে দ্রুত কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য গাজীপুরের একটি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে কালীগঞ্জ থানায় অভিযোগ করেন। পরে অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মামলার চার আসামির মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ক্যাটাগরি