সারাদেশ

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪, পাঁচজনই শরীয়তপুরের জাজিরার

ছবি: সংগৃহীত

নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪ জনের মধ্যে পাঁচজন শরীয়তপুরের জাজিরা উপজেলার বাসিন্দা। তারা ব্যবসায়িক কাজে নাটোরে গিয়েছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় জাজিরা উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত পাঁচজন হলেন জাজিরা উপজেলার রামকৃষ্ণপুর মাদবরকান্দি এলাকার জহির উদ্দিন মাদবরের ছেলে জুয়েল মাদবর, ডুবিসায়বর মোল্যাকান্দি এলাকার জাহান উদ্দিন মোল্যার ছেলে সালাল মোল্যা, ডুবিসায়বর কাজিরহাট এলাকার ইউনুস শিকদারের ছেলে সোহাগ শিকদার, কাজিরহাট এলাকার সামাদ ফকির ও পালেরচর এলাকার শাহিন।

মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পুলিশ ফাঁড়ি এলাকার সরকারপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বরগুনা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী আরপি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নয়জন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও পাঁচজনের মৃত্যু হয়।

এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল, নাটোর সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মদ বলেন, তাঁরা ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনার বিষয়টি দেখেছেন। খোঁজখবর নিয়ে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে পারবেন।

দুর্ঘটনায় জাজিরার পাঁচজনের মৃত্যুর খবরে তাঁদের স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের পরিবেশ বিরাজ করছে।

ফিনান্সিয়াল বার্তা /এইচ

ক্যাটাগরি