জর্ডানে ইরানি হামলা প্রতিহত করতে গিয়ে নিহত ২ মার্কিন সেনা, নিখোঁজ ১

ইরান-সম্পর্কিত চলমান সংঘাতের মধ্যে জর্ডানে ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে দুই মার্কিন সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন সেনা সদস্য নিখোঁজ রয়েছেন। শনিবার এ তথ্য জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
সেন্টকমের এক বিবৃতিতে বলা হয়, গত ১৭ জুলাই জর্ডানে ইরানের হামলা প্রতিহত করার সময় সেন্টকম ও মিত্র বাহিনীর দুই মার্কিন সেনা নিহত হন এবং একজন নিখোঁজ হন। হামলায় আহত চার সেনাকে হাসপাতালে ভর্তি করা হলেও পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া কয়েকজন সামান্য আহত হয়ে চিকিৎসা শেষে আবার দায়িত্বে ফিরেছেন।
মার্কিন সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত সেনাদের পরিবারের সদস্যদের আনুষ্ঠানিকভাবে জানানো না হওয়া পর্যন্ত তাদের পরিচয় প্রকাশ করা হবে না।
এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এক্সে শোক প্রকাশ করে লিখেছেন, “বিদায়, বীরেরা। আপনাদের এই আত্মত্যাগ আমাদের সংকল্পকে আরও দৃঢ় করেছে।”
অন্যদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, তারা জর্ডানের আল-আজরাক এলাকায় মার্কিন বাহিনীর ব্যবহৃত একটি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। আইআরজিসির ভাষ্য, ওই হামলায় ঘাঁটির বেশ কয়েকটি বিমান সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে।
মার্কিন সামরিক বাহিনীর সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রায় পাঁচ মাস ধরে চলমান এই সংঘাতে নিহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে ১৬ জনে পৌঁছেছে।




