আন্তর্জাতিক

জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলা, এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি আইআরজিসির

ফাইল ছবি

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের তিনটি এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস হয়েছে এবং আরও তিনটি গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি প্রকাশিত এক বিবৃতিতে এ দাবি করা হয়।

আইআরজিসির ভাষ্য অনুযায়ী, ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলায় দুই ব্যক্তি ও একটি শিশু নিহত হওয়ার ঘটনার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে। তারা জানায়, হামলার লক্ষ্য ছিল আল-আজরাক ঘাঁটির যুদ্ধবিমান র‌্যাম্প ও রক্ষণাবেক্ষণ হ্যাঙ্গার। হামলায় কয়েকজন সামরিক কর্মকর্তা এবং কারিগরি কর্মীও নিহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে।

তবে এসব দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, এফ-৩৫ ধ্বংস, হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে আইআরজিসির দাবির স্বাধীন কোনো নিশ্চিত তথ্য তাদের কাছে নেই।

এ ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর (পেন্টাগন) কিংবা জর্ডানের কর্তৃপক্ষও তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক উত্তেজনা বেড়েছে। বিশ্লেষকদের মতে, পাল্টাপাল্টি হামলা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।

সূত্র: আল-জাজিরা

ক্যাটাগরি