দুর্বল ব্যাংক পুনর্গঠনে ধাপে ধাপে এগোচ্ছে বাংলাদেশ ব্যাংক

দেশের দুর্বল ব্যাংকগুলোর সংকট মোকাবিলায় একযোগে নয়, ধাপে ধাপে পুনর্গঠন কার্যক্রম চালাচ্ছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (২৮ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।
তিনি বলেন, প্রথম ধাপে সবচেয়ে সংকটাপন্ন পাঁচটি ব্যাংককে একীভূতকরণ (মার্জার) প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে। পরবর্তী সময়ে অন্যান্য দুর্বল ব্যাংকের অবস্থাও পর্যায়ক্রমে মূল্যায়ন করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
আরিফ হোসেন খান জানান, আইএমএফ পরামর্শ দিলেও দেশের আর্থিক বাস্তবতা ও আইনগত কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে সিদ্ধান্ত নেওয়া হবে। দুর্বল ব্যাংকের আমানতকারী, গ্রাহক ও কর্মীদের স্বার্থ বিবেচনায় রেখে সব পদক্ষেপ গ্রহণ করা হবে।
তিনি আরও জানান, ‘হেয়ারকাট’ বাতিলের বিষয়ে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় আইনগত ও কারিগরি প্রস্তুতি চলছে। এ প্রক্রিয়া শেষ হলে বাংলাদেশ ব্যাংক আনুষ্ঠানিক নির্দেশনা জারি করবে। একই সঙ্গে দুর্বল ব্যাংকের গ্রাহকদের ধৈর্য ধরে পরিস্থিতির উন্নয়নের অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন তিনি।




