নৈতিক স্খলনের অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল, সাতক্ষীরায় মিষ্টি বিতরণ

নৈতিক স্খলনের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করেছে দলটি। একই সঙ্গে তাঁর বহিষ্কারের বিষয়টি অবিলম্বে বাংলাদেশ নির্বাচন কমিশনকে অবহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (২২ জুলাই) বিকেল ৪টায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
দলের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এবং সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি সংবেদনশীল ভিডিও এবং সংশ্লিষ্ট অভিযোগের বিষয়ে সাংগঠনিক তদন্ত করা হয়। তদন্তে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় দলীয় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামীর সব পর্যায়ের পদ ও সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এদিকে বহিষ্কারের খবর প্রকাশের পর তাঁর নির্বাচনী এলাকা সাতক্ষীরার শ্যামনগরসহ বিভিন্ন স্থানে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করে সিদ্ধান্তকে স্বাগত জানানোর খবর পাওয়া গেছে।
স্থানীয় কয়েকজন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্বের দাবি, একজন সংসদ সদস্যের নৈতিক মানদণ্ড প্রশ্নবিদ্ধ হলে তাঁর জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করা উচিত নয়। তারা সাতক্ষীরা-৪ আসনটি শূন্য ঘোষণা করে দ্রুত উপনির্বাচনের উদ্যোগ নেওয়ার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।
তবে আসন শূন্য ঘোষণা বা নতুন নির্বাচনের বিষয়ে এখন পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়নি।



