ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা দিল সোনালী ব্যাংক

ব্যাংকিং খাতের স্থিতিশীলতা জোরদার এবং ন্যাশনাল ব্যাংকের আর্থিক পুনরুদ্ধার কার্যক্রমে সহায়তার লক্ষ্যে ব্যাংকটিকে ৭ হাজার কোটি টাকা অর্থায়ন করেছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টির বিপরীতে তিন মাস মেয়াদে এ অর্থ দেওয়া হচ্ছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সোনালী ব্যাংকের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সোনালী ব্যাংক জানায়, বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা ও দিকনির্দেশনার আলোকে পারস্পরিক সহযোগিতার অংশ হিসেবে ন্যাশনাল ব্যাংককে এ অর্থায়ন করা হচ্ছে। এর মাধ্যমে ব্যাংকটির তাৎক্ষণিক তারল্য চাহিদা মেটানোর পাশাপাশি আর্থিক পুনরুদ্ধার কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব হবে বলে আশা করছে সোনালী ব্যাংক।
ব্যাংকটি আরও জানায়, বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টির বিপরীতে এর আগেও বিভিন্ন ব্যাংককে অর্থায়নের মাধ্যমে তারল্য ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার কার্যক্রমে সহায়তা করেছে সোনালী ব্যাংক। নির্ধারিত সময়ের মধ্যে এসব অর্থ ফেরত পাওয়ার নজিরও রয়েছে।
এদিকে, ন্যাশনাল ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ খেলাপি ঋণ আদায়, আর্থিক সক্ষমতা পুনরুদ্ধার এবং গ্রাহকদের আস্থা ফেরাতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এমন পরিস্থিতিতে সোনালী ব্যাংকের এ অর্থায়ন ন্যাশনাল ব্যাংকের আর্থিক পুনরুদ্ধার কার্যক্রমে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
ব্যাংকিং খাতে তারল্য ব্যবস্থাপনা ও আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টির বিপরীতে এ ধরনের অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে নির্ধারিত তিন মাসের মধ্যে অর্থ ফেরত দেওয়া এবং পুনরুদ্ধার কার্যক্রমে কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জনই হবে এ উদ্যোগের গুরুত্বপূর্ণ দিক।



