আন্তর্জাতিক

প্রশ্নফাঁস ঠেকাতে নন্দন নীলকানির নেতৃত্বে টাস্কফোর্স গঠন করলেন মোদি

নরেন্দ্র মোদি ও নন্দন নীলকানি। ফাইল ছবি: এনডিটিভি

ভারতের পরীক্ষা ব্যবস্থাকে আরও নির্ভরযোগ্য, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নীলকানির নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি জানান, টাস্কফোর্সের সুপারিশের ভিত্তিতেই ভবিষ্যতের পরীক্ষা ব্যবস্থায় কাঠামোগত সংস্কার বাস্তবায়ন করা হবে।

সাম্প্রতিক প্রশ্নফাঁসের ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে সমালোচনা ও আন্দোলনের মধ্যে এ ঘোষণা আসে। মোদি বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষায় সরকার কঠোর অবস্থানে রয়েছে। প্রশ্নফাঁস ও পরীক্ষায় অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি আরও কঠোর আইন প্রণয়নের কাজ চলছে বলেও জানান তিনি।

টাস্কফোর্সে নন্দন নীলকানির পাশাপাশি রয়েছেন ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর সাবেক চেয়ারম্যান এস সোমনাথ, গোয়েন্দা ব্যুরোর সাবেক পরিচালক তপন ডেকা, আইআইটি চেন্নাইয়ের পরিচালক ভি কামাকোটি, সাবেক শিক্ষা সচিব অনিতা কাওয়াল এবং লজিস্টিক বিশেষজ্ঞ অমৃত লাল মীনা।

সরকারের ভাষ্য অনুযায়ী, এই কমিটি দেশের পরীক্ষা ব্যবস্থার নিরাপত্তা, প্রযুক্তিগত সক্ষমতা, প্রশ্নপত্র ব্যবস্থাপনা, মূল্যায়ন প্রক্রিয়া এবং প্রশাসনিক কাঠামো পর্যালোচনা করে সংস্কার প্রস্তাব দেবে। দীর্ঘদিন ধরে ডিজিটাল অবকাঠামো ও প্রযুক্তিনির্ভর জনসেবায় কাজ করার অভিজ্ঞতার কারণে নন্দন নীলকানিকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

সূত্র: এনডিটিভি

ক্যাটাগরি