আন্তর্জাতিক

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতাদেশ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

ছবি- সংগৃহীত

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়ার ওপর আরোপ করা স্থগিতাদেশ প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। দেশটির ফেডারেল আদালতের আদেশের পর ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, গত ২১ আগস্ট থেকে স্থগিতাদেশটি আর কার্যকর নেই। ফলে সংশ্লিষ্ট দেশগুলোর নাগরিকরা এখন নিয়ম অনুযায়ী অভিবাসী ভিসার আবেদন ও প্রক্রিয়া চালিয়ে যেতে পারবেন।

চলতি বছরের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশ, ভুটান, নেপাল ও পাকিস্তানসহ মোট ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা প্রদান স্থগিত করা হয়েছিল। তবে স্থগিতাদেশ চলাকালে আবেদনকারীরা ভিসার আবেদন জমা দেওয়া এবং সাক্ষাৎকারে অংশ নেওয়ার সুযোগ পেয়েছিলেন।

পররাষ্ট্র দপ্তরের ভাষ্য অনুযায়ী, অভিবাসী ভিসা যাচাই-বাছাইয়ের নীতিমালা পর্যালোচনার অংশ হিসেবে স্থগিতাদেশটি দেওয়া হয়েছিল। যুক্তরাষ্ট্রের লক্ষ্য ছিল, দেশটিতে অভিবাসী হিসেবে যাওয়া ব্যক্তিরা যেন নিজেদের আর্থিকভাবে স্বনির্ভর রাখতে পারেন এবং সরকারি সহায়তার ওপর অতিরিক্ত নির্ভরশীল না হন।

এদিকে, ২১ আগস্ট ম্যানহাটান ডিস্ট্রিক্ট আদালতের বিচারক জ্যানেট ভার্গাস ট্রাম্প প্রশাসনের ওই নীতি বাতিলের আদেশ দেন। রায়ে তিনি বলেন, জাতীয়তার ভিত্তিতে ঢালাওভাবে অভিবাসী ভিসা স্থগিত করার নীতি ‘স্পষ্টতই বেআইনি’ এবং প্রচলিত অভিবাসন আইনের সঙ্গে সাংঘর্ষিক।

বিচারক আরও বলেন, অভিবাসী ভিসার আবেদনপ্রক্রিয়ায় পররাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা আইন দ্বারা সীমিত। তাই পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ওই নীতি গ্রহণের ক্ষেত্রে তাঁর আইনগত এখতিয়ার অতিক্রম করেছেন।

আদালতের আদেশের পরই ৭৫ দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ কার্যকরভাবে তুলে নেওয়া হলো। তথ্যসূত্র: ইকোনমিক টাইমস

ক্যাটাগরি