বাংলাদেশিদের মালয়েশিয়ার মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা বাতিল করল

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ও আফ্রিকার ৩১টি দেশের নাগরিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা (এমইভি) সুবিধা সীমিত করেছে মালয়েশিয়া। নতুন নিয়মে এসব দেশের নাগরিকদের সাধারণ ভ্রমণের ক্ষেত্রে মূলত সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হবে।
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের নতুন নীতি অনুযায়ী, ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে ভিজিট বা সামাজিক ভ্রমণের উদ্দেশ্যে সব দেশের নাগরিকদের ঢালাওভাবে মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়া হবে না। ফলে বাংলাদেশিদের এক বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা পাওয়ার সুযোগও সীমিত হবে।
তবে ব্যবসা, চিকিৎসা, ‘ফ্লাই অ্যান্ড ক্রুজ’ এবং ওয়েডিং ট্যুরিজমের মতো নির্দিষ্ট ভ্রমণ উদ্দেশ্যে মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়ার সুযোগ থাকছে।
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ পরিবর্তনের কথা জানানো হয়েছে। ভিসা সংক্রান্ত ওয়েবসাইট ‘ভিসা আপডেট’-এর প্রতিবেদনেও নতুন নীতির বিষয়টি তুলে ধরা হয়েছে।
তবে এ সিদ্ধান্ত মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি বা অন্যান্য বিদেশি কর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাদের ওয়ার্ক পারমিট বা কর্মসংক্রান্ত ভিসার ওপর নতুন ভিসা নীতির সরাসরি কোনো প্রভাব পড়বে না।



