বান্দরবানে বিজিবির বিশেষ অভিযানে ৯৯ রাউন্ড গোলাবারুদ উদ্ধার

পার্বত্য জেলা বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকায় বিশেষ যৌথ অভিযান চালিয়ে ৯৯ রাউন্ড ক্ষুদ্রাস্ত্রের গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৮ নভেম্বর) বান্দরবান সেক্টর ও ৬৫ বিজিবির যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৬৫ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকার টেন্ডুমুখ বিজিবি ক্যাম্প ও নৌপোস্টের পেছনের পাহাড়ি এলাকায় গোলাবারুদ মজুদের খবর পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে বান্দরবান সেক্টর কমান্ডারের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।
অভিযানে ৬৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন, বিপিএমএস, পদাতিকের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল অংশ নেয়।
শনিবার দুপুর ১টায় শুরু হওয়া এ অভিযানে সন্দেহজনক পাহাড়ি এলাকায় দীর্ঘ সময় তল্লাশি চালানো হয়। পরে বিকেল সাড়ে ৪টার দিকে পাহাড়ের ঢালে একটি বাঁশঝাড়ের ভেতর অত্যন্ত গোপনে লুকিয়ে রাখা ৯৯ রাউন্ড ক্ষুদ্রাস্ত্রের গোলাবারুদ উদ্ধার করেন বিজিবি সদস্যরা।
বিজিবির প্রাথমিক ধারণা, উদ্ধার করা গোলাবারুদগুলো কোনো আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর কাছে সরবরাহের উদ্দেশ্যে সেখানে মজুত করা হয়েছিল। তবে এ ঘটনায় কারা জড়িত, তা এখনো শনাক্ত করা যায়নি। সংশ্লিষ্টদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
বিজিবি জানিয়েছে, পার্বত্য অঞ্চলে অবৈধ অস্ত্র ও গোলাবারুদের বিস্তার রোধ এবং সার্বিক নিরাপত্তা বজায় রাখতে গোয়েন্দা নজরদারি ও যৌথ অভিযান আরও জোরদার করা হবে। এ লক্ষ্যে বান্দরবান সেক্টর ও ৬৫ বিজিবির তৎপরতা অব্যাহত থাকবে।



