বিকাশ অ্যাপে আইডিএলসির ডিজিটাল এফডিআর, ঘরে বসেই সঞ্চয়ের সুযোগ

গ্রাহকদের জন্য সঞ্চয় আরও সহজ ও ডিজিটাল করতে আইডিএলসি ফাইন্যান্স ও বিকাশ যৌথভাবে চালু করেছে ডিজিটাল ফিক্সড ডিপোজিট (এফডিআর) সেবা। এর ফলে বিকাশ অ্যাপ ব্যবহার করেই কোনো কাগজপত্র ছাড়াই ঘরে বসে আইডিএলসি ফাইন্যান্সে এফডিআর খোলা যাবে।
বর্তমানে গ্রাহকরা ৬ মাস ও ১২ মাস মেয়াদে ১০ হাজার টাকা থেকে ১ লাখ টাকা পর্যন্ত এফডিআর করতে পারবেন। এফডিআর খোলার পাশাপাশি নির্দিষ্ট সময় পর মুনাফা গ্রহণ এবং মেয়াদ শেষে মূল টাকা পাওয়ার পুরো প্রক্রিয়াই বিকাশ অ্যাপের মাধ্যমে সম্পন্ন করা যাবে।
শনিবার (১৫ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
আইডিএলসি ফাইন্যান্সের প্রধান কার্যালয়ে যৌথভাবে সেবাটি চালুর ঘোষণা দেন প্রতিষ্ঠানটির সিইও ও ম্যানেজিং ডিরেক্টর এম জামাল উদ্দিন এবং বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ। এ সময় দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নতুন সেবার আওতায় গ্রাহকরা তাদের বিকাশ অ্যাকাউন্টেই আইডিএলসির এফডিআরের মুনাফা পেতে পারবেন। পাশাপাশি বিকাশ অ্যাপ থেকে ডিজিটাল রসিদ ডাউনলোড ও সংরক্ষণ করা যাবে। এফডিআর স্বয়ংক্রিয়ভাবে নবায়নের সুবিধাও থাকছে।
আইডিএলসি ফাইন্যান্সের এম জামাল উদ্দিন বলেন, বিকাশের মাধ্যমে ডিপিএস সেবার পর এবার টার্ম ডিপোজিট সুবিধা যুক্ত হওয়ায় গ্রাহকদের জন্য সঞ্চয়ের আরও একটি সহজ মাধ্যম তৈরি হয়েছে। প্রযুক্তির মাধ্যমে আর্থিক সেবার আওতার বাইরে থাকা মানুষের কাছেও সঞ্চয়ের সুযোগ পৌঁছে দেওয়াই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ বলেন, আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে সঞ্চয় সেবাকে আরও সহজলভ্য করতে কাজ করছে বিকাশ। নতুন এফডিআর সেবার মাধ্যমে গ্রাহকরা তাদের সঞ্চিত অর্থ ভবিষ্যৎ আর্থিক পরিকল্পনায় আরও কার্যকরভাবে ব্যবহার করতে পারবেন।
উল্লেখ্য, প্রায় পাঁচ বছর ধরে বিকাশ অ্যাপে আইডিএলসি ফাইন্যান্সের সাপ্তাহিক ও মাসিক ডিপিএস সেবা চালু রয়েছে। এবার এর সঙ্গে যুক্ত হলো এককালীন সঞ্চয়ের জন্য ডিজিটাল এফডিআর সুবিধা।




