জাতীয়

৯ আগস্ট বন্যাদুর্গত চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

বন্যাদুর্গত চট্টগ্রামের তিন উপজেলা—হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ৯ আগস্ট তাঁর এই সফর চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।

সফরে প্রধানমন্ত্রী বন্যাকবলিত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করবেন এবং সরকারি সহায়তায় নির্মিত বন্যায় গৃহহারা পরিবারের নতুন ঘর হস্তান্তর করবেন। বাঁশখালীতেই পুনর্নির্মাণ করা ১০০টি বাড়ি ক্ষতিগ্রস্তদের কাছে বুঝিয়ে দেওয়ার পাশাপাশি একটি সংক্ষিপ্ত সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই হবে তারেক রহমানের প্রথম চট্টগ্রাম সফর। এ উপলক্ষে স্থানীয় প্রশাসন ও দলীয়ভাবে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। সফরকে কেন্দ্র করে নির্ধারিত এলাকায় হেলিপ্যাড নির্মাণ, ত্রাণ বিতরণের আয়োজন এবং পুনর্বাসন কার্যক্রমের শেষ পর্যায়ের কাজ চলছে।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফ উদ্দিন জানান, সফরসূচি আনুষ্ঠানিকভাবে পাওয়ার পর প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হবে। অন্যদিকে, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া বলেন, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে দলীয় প্রস্তুতিও ইতোমধ্যে শুরু হয়েছে।

সূত্র: বাসস

ক্যাটাগরি