জাতীয়

আরও ৩–৪ দিন বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, সপ্তাহ শেষে কমতে পারে বর্ষণ

ফাইল ছবি

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী ৩ থেকে ৪ দিন বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে চলতি সপ্তাহের শেষ দিকে বৃষ্টিপাতের তীব্রতা কিছুটা কমতে পারে।

রোববার (২ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে।

সোমবার থেকে বুধবার পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে অধিকাংশ এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।

মঙ্গলবার দেশের প্রায় সব বিভাগেই বৃষ্টির বিস্তার বাড়তে পারে। একই সঙ্গে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। এদিন দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বুধবারও বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা বেশি। দিনের তাপমাত্রা কিছুটা কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবার রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় এবং রংপুর, ঢাকা, খুলনা ও বরিশালের কিছু স্থানে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সপ্তাহের শেষ দিকে বৃষ্টির প্রবণতা ধীরে ধীরে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদরা ভারী বর্ষণপ্রবণ এলাকার বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন, বিশেষ করে নিচু এলাকা ও পাহাড়ি অঞ্চলে বসবাসকারীদের।

ক্যাটাগরি