১০ আগস্ট প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফল, সকাল ১০টায় আনুষ্ঠানিক ঘোষণা

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। ওইদিন সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে।
সোমবার (২৭ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।
এর আগে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের কথা জানিয়েছিলেন। তবে নির্ধারিত সময়ে ফল প্রকাশ না হওয়ায় পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। পরে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা বোর্ডগুলোকে দ্রুত ফল প্রস্তুতের নির্দেশ দেয় এবং বিভিন্ন সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনা চললেও শেষ পর্যন্ত ১০ আগস্ট ফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চলতি বছরের এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল এবং শেষ হয় ২০ মে। পরীক্ষা শেষে সাধারণ নিয়ম অনুযায়ী ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ হওয়ার কথা থাকলেও এবার তা সম্ভব হয়নি।
এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিলে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। শিক্ষা বোর্ডের তথ্যমতে, আগের বছরের তুলনায় এবার পরীক্ষায় বহিষ্কারের ঘটনা ছিল উল্লেখযোগ্যভাবে কম।




