ব্যাংক বীমা

বিদেশ ভ্রমণে সুখবর, আন্তর্জাতিক কার্ডে সরাসরি এয়ারলাইনসের টিকিট কেনার সুযোগ

সংগৃহীত ছবি

বাংলাদেশে পরিচালিত বিদেশি এয়ারলাইনসের টিকিট আন্তর্জাতিক ক্রেডিট ও ডেবিট কার্ডের মাধ্যমে সরাসরি কেনার সুযোগ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনার ফলে নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে বিদেশ ভ্রমণকারীরা নিজেদের আন্তর্জাতিক কার্ড ব্যবহার করে বাংলাদেশ থেকে বিদেশি এয়ারলাইনসের টিকিটের মূল্য পরিশোধ করতে পারবেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকে পাঠিয়েছে। এর মাধ্যমে ২০২৫ সালের ১৯ নভেম্বর জারি করা আগের নির্দেশনা সংশোধন করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী, বৈধ ভিসা থাকা সাপেক্ষে বাংলাদেশি নাগরিকরা বিদেশ ভ্রমণের জন্য বাংলাদেশে পরিচালিত বিদেশি এয়ারলাইনসের টিকিট আন্তর্জাতিক ক্রেডিট ও ডেবিট কার্ডের মাধ্যমে কিনতে পারবেন।

এ ক্ষেত্রে সংশ্লিষ্ট বিদেশি এয়ারলাইনসের টিকিট বিক্রির অর্থ বাংলাদেশের বাইরে আন্তর্জাতিক অধিগ্রহণ ও পরিশোধ নিষ্পত্তি ব্যবস্থার মাধ্যমে সম্পন্ন হলেও এ সুবিধা প্রযোজ্য হবে।

এর ফলে বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী এমন বিদেশি এয়ারলাইনসের টিকিটও আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে কেনা যাবে, যেসব এয়ারলাইনস স্থানীয় অনুমোদিত ডিলার ব্যাংকের মাধ্যমে টিকিট বিক্রির অর্থ নিষ্পত্তি করে না।

আগের নির্দেশনায় এ ধরনের লেনদেনের ক্ষেত্রে স্থানীয় ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে অর্থ নিষ্পত্তির শর্ত ছিল। নতুন সার্কুলারের মাধ্যমে সেই শর্তে পরিবর্তন আনা হয়েছে।

ফলে আন্তর্জাতিক কার্ডধারী যাত্রীরা বিদেশি এয়ারলাইনসের টিকিট কেনার ক্ষেত্রে আরও বেশি সুবিধা পাবেন। বিশেষ করে যেসব বিদেশি এয়ারলাইনসের অর্থ নিষ্পত্তি বাংলাদেশি ব্যাংকের মাধ্যমে হয় না, তাদের টিকিট কেনার প্রক্রিয়া সহজ হবে।

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনায় আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে এভাবে বিদেশি এয়ারলাইনসের টিকিট কেনার সুবিধাকে বার্ষিক ভ্রমণ কোটার হিসাবের বাইরে রাখা হয়েছে।

তবে টিকিট কেনার যথার্থতা এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করতে হবে সংশ্লিষ্ট কার্ড ইস্যুকারী ব্যাংককে। যাচাই শেষে ব্যবহৃত অর্থের সমপরিমাণ অর্থ কার্ডে পুনরায় জমা বা সমন্বয় করতে পারবে ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের এ সিদ্ধান্তের ফলে বিদেশ ভ্রমণকারীদের আন্তর্জাতিক ক্রেডিট ও ডেবিট কার্ডে এয়ারলাইনসের টিকিট কেনার সুযোগ আরও সহজ ও বিস্তৃত হলো। একই সঙ্গে বিদেশি এয়ারলাইনসের টিকিট কেনার ক্ষেত্রে স্থানীয় ব্যাংকিং ব্যবস্থার ওপর নির্ভরশীলতাও কিছুটা কমবে।

ফিনান্সিয়াল বার্তা/ এইচ

ক্যাটাগরি