বিশ্বে প্রথম ব্যাংক হিসেবে ‘সুইফট স্কিম’ লেনদেন সম্পন্ন করল সিটি ব্যাংক

বিশ্বে প্রথম ব্যাংক হিসেবে অর্থ প্রেরণকারী ও অর্থ গ্রহণকারী—উভয় ভূমিকায় সফলভাবে ‘সুইফট স্কিম’ (SWIFT Scheme) নামের নতুন আন্তঃদেশীয় পেমেন্ট কাঠামোর লেনদেন সম্পন্ন করেছে সিটি ব্যাংক।
ব্যাংকটির তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক অর্থ স্থানান্তরকে আরও দ্রুত, স্বচ্ছ ও কম ব্যয়বহুল করতে সুইফট এই নতুন কাঠামো চালু করেছে। অস্ট্রেলিয়া, কানাডা, চীন, জার্মানি, ভারত, স্পেন, থাইল্যান্ড, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যসহ ১৭টি দেশের ৫০টির বেশি শীর্ষস্থানীয় ব্যাংক এ উদ্যোগে যুক্ত হয়েছে। বাংলাদেশ থেকে একমাত্র অংশগ্রহণকারী ব্যাংক হিসেবে সিটি ব্যাংক ২০২৬ সালের ফেব্রুয়ারিতে এই উদ্যোগে যোগ দেয়।
সিটি ব্যাংক জানায়, গত ২২ জুন তারা প্রথম আন্তর্জাতিক লেনদেন মাত্র ১ মিনিটে এবং দ্বিতীয়টি ৫৭ সেকেন্ডে সম্পন্ন করে। পরদিন ২৩ জুন ব্যাংকটি ‘গেটওয়ে ইন্টারমিডিয়ারি’ হিসেবে ভারতের এইচডিএফসি ব্যাংকের সঙ্গে সমন্বয় করে ভারত থেকে পাঠানো একটি আন্তর্জাতিক পেমেন্ট বাংলাদেশের একটি স্থানীয় ব্যাংকে সফলভাবে পৌঁছে দেয়।
‘সুইফট স্কিম’ এমন একটি আন্তঃসীমান্ত পেমেন্ট ব্যবস্থা, যা আন্তর্জাতিক অর্থ স্থানান্তরে পূর্ণ অর্থ প্রাপ্তির নিশ্চয়তা, আগাম খরচের স্বচ্ছতা, রিয়েল-টাইম ট্র্যাকিং এবং ২৪ ঘণ্টা সেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে চালু হয়েছে। এর মাধ্যমে আন্তর্জাতিক লেনদেনে বিলম্ব, অতিরিক্ত মধ্যস্থতাকারী ফি এবং গোপন চার্জ কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্প্রতি সুইফট ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি)-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এ অর্জনের স্বীকৃতি হিসেবে সিটি ব্যাংককে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান এবং সুইফটের ভারত ও দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান কিরণ শেঠি সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিনের হাতে স্মারক ক্রেস্ট তুলে দেন।
অনুষ্ঠানে সিটি ব্যাংক, সুইফট এবং ব্যাংকিং খাতের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




