ভারতকে জ্বালানি ও সার সরবরাহ অব্যাহত রাখার আশ্বাস রাশিয়ার

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মস্কোতে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠকে ভারতকে জ্বালানি ও সারসহ গুরুত্বপূর্ণ পণ্য সরবরাহ অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে রাশিয়া। একই সঙ্গে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের ক্রমবর্ধমান ভারসাম্যহীনতা কমানোর ওপর জোর দিয়েছে নয়াদিল্লি।
সোমবার (২৪ আগস্ট) মস্কোতে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন জয়শঙ্কর। পরে রাশিয়ার ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার দেনিস মানতুরভের সঙ্গে ভারত-রাশিয়া আন্তসরকার কমিশনের ২৭তম বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেন তিনি। বৈঠকে বাণিজ্য, অর্থনীতি, জ্বালানি, সার, বিজ্ঞান, প্রযুক্তি, সংস্কৃতি ও পারমাণবিক সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
পশ্চিম এশিয়ার চলমান সংকটের কারণে বৈশ্বিক সরবরাহব্যবস্থায় নানা ধরনের বাধা তৈরি হলেও ভারতের কৃষি ও জ্বালানি খাতে সরবরাহ স্বাভাবিক রাখার আশ্বাস দিয়েছে মস্কো। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস পুতিনকে উদ্ধৃত করে জানায়, ভারতীয় কৃষক ও কৃষি খাতের চাহিদা পূরণে রাশিয়া প্রয়োজনীয় পণ্য সরবরাহ করছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে।
বৈঠকে জয়শঙ্কর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শুভেচ্ছা ও ব্যক্তিগত বার্তা পুতিনের কাছে পৌঁছে দেন। তিনি বলেন, ভারত-রাশিয়া অর্থনৈতিক সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে বাণিজ্য ঘাটতি কমাতে আরও ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলার প্রয়োজন রয়েছে।
পুতিনও দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির কথা উল্লেখ করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, গত বছর দ্বিপক্ষীয় বাণিজ্যে কিছুটা কমতি হলেও চলতি বছরে তা আবার বাড়ছে। সরকার, সংসদ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানসহ বিভিন্ন পর্যায়ে দুই দেশের সহযোগিতা আরও জোরদার হচ্ছে।
আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্মেলনে পুতিনের সম্ভাব্য ভারত সফরের আগে জয়শঙ্করের মস্কো সফর ও এই বৈঠক দুই দেশের কৌশলগত সম্পর্কের গুরুত্ব আরও বাড়িয়েছে।
তথ্যসূত্র: পিটিআই
ফিনান্সিয়াল বার্তা/এইচ



