ভারতের কাছে হেরে শিরোপার হ্যাটট্রিক হলো না বাংলাদেশের

এবার আর হলো না। সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখতে পারল না বাংলাদেশ। ভারতের কাছে ৩-১ গোলে হেরে যাওয়ায় হ্যাটট্রিক ট্রফি জয়ের স্বপ্নও ভেস্তে গেছে মেয়েদের। গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে প্রথমার্ধে পিছিয়ে পড়ে কামব্যাক করলেও, দ্বিতীয়ার্ধে আর পেরে ওঠেনি বাংলাদেশ। ম্যাচের ৪২ মিনিটে পিছিয়ে পড়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ভারতের হয়ে গোলটি করেন পেয়ারি জাজা।
তবে ম্যাচে ফিরতি খুব একটা সময় নেয়নি বাংলাদেশ। প্রথমার্ধের যোগ করা সময়ে ঠান্ডা মাথায় বাঁ পায়ে ফিনিংশিং করেন ঋতুপর্ণা চাকমা। তাতে ১-১ সমতায় দুই দল বিরতিতে যায়।
কিন্তু বিরতি শেষ হতেই আবার পিছিয়ে পড়ে বাংলাদেশ। রেফারির বাঁশি বাজার প্রথম মিনিটেই গোল পায় ভারত। প্রথম গোলদাতা জাজার ক্রস থেকে হেডে গোলটি করেন ম্যাচসেরা সানফিদা। ম্যাচে ফিরতে মরিয়া হওয়া বাংলাদেশ সুযোগ তৈরি করলেও সমতায় আর ফিরতে পারেনি।
ম্যাচে সমতা ফেরানো তো দূরে থাক, উল্টো ৮৩ মিনিটে তৃতীয় গোল হজম করে বসে বাংলাদেশ। রক্ষণভাগের এলোমেলো ও ছন্নছাড়া অবস্থার সুযোগটা পুরোপুরি কাজে লাগিয়ে ভারতের কম সেরতো গোল করে স্কোরলাইন ৩-১ করেন। এই গোলের সাথেই বাংলাদেশের হ্যাটট্রিক শিরোপার আশার সলিল সমাধি ঘটে। বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় রেফারি বাঁশি বাজাতেই চ্যাম্পিয়নের উল্লাসে মাতে ভারত।
পরে আর ফেরা হয়নি মারিয়া মান্দা-আফঈদা খন্দকারদের। ২০২২ ও ২০২৪ সালে স্বাগতিক নেপালকে হারালেও এবার আরেক স্বাগতিক ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ। আর মাঠ ছাড়তে হয় রানার্স-আপ বাংলাদেশের মেয়েদের।




